আজ বিশ্ব সামাজিক যোগাযোগ মাধ্যম দিবস
আজ বিশ্ব সামাজিক যোগাযোগ মাধ্যম দিবস। ২০১০ সাল থেকে সারা দুনিয়ায় ৩০ জুন দিবসটি পালিত হয়ে আসছে। বিশ্বব্যাপী করোনাভাইরাসের সংক্রমণকালে মানুষ যখন গৃহান্তরীণ এবং শরীরী যোগাযোগ ঝুঁকিপূর্ণ তখন সামাজিক যোগাযোগ মাধ্যম সমাজজীবনকে সচল রাখতে বিশেষ ভূমিকা পালন করছে। তাই করোনাকালে সামাজিক যোগাযোগ মাধ্যম যেকোনো সময়ের চেয়ে বেশি প্রাসঙ্গিক।দিবসটির তাৎপর্যও সে জন্য অন্য সময়ের চেয়ে অনেক বেশি।
সামাজিক যোগাযোগের সবচেয়ে প্রাচীন মাধ্যম হলো চিঠিপত্র। সামাজিক যোগাযোগে বিপ্লব আসে টেলিফোন আবিষ্কারের ফলে। এরপর আসে ফ্যাক্স। মোবাইল ফোন এসে যোগাযোগের ক্ষেত্রে নতুন মাত্রা দেয়। ইন্টারনেটে সাধারণ মানুষের অ্যাকসেস বাড়ার সাথে ইন্টারনেট ও কম্পিউটার প্রযুক্তিনির্ভর সামাজিক যোগাযোগ প্লাটফর্ম গড়ে উঠতে থাকে। ইন্টারনেটভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন মাত্রা যোগ করে।
এছাড়া প্রতিদিনই সামাজিক যোগাযোগ মাধ্যমের নতুন নতুন প্লাটফর্ম ও টুলস খুলে দিচ্ছে বৈচিত্র্যের দুয়ার। সামাজিক যোগাযোগ মাধ্যমের সুবাদে বিশ্বব্যাপী ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে। বর্তমানে বিশ্বে চারশ ৫৭ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করে, প্রতিবছর ৯% হারে বাড়ছে ব্যবহারকারীর সংখ্যা। নেটিজেনরা দিনে গড়ে ১৪৪ মিনিট ব্যয় করেন সোশ্যাল মিডিয়ায়। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার ৮১% আজকের দিনে কোনো না কোনোভাবে সোশ্যাল মিডিয়ার ওপর নির্ভরশীল। দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে সোশ্যাল মার্কেটিং ধারণা।
তথ্যপ্রযুক্তি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে মানুষের যোগাযোগ অবারিত হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। এই মাধ্যম দূরকে এনে দিয়েছে কাছে, নিকটকে এনেছে আরও নিকটে। প্রতিটি মানুষ এখন বিশ্বগ্রামের বাসিন্দা। সবাই যেন সবাইকে চেনে, জানে।

Post a Comment