আমফানে দুর্নীতির অভিযোগ এলে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেবে দল, বললেন অরূপ রায়। - The News Lion

আমফানে দুর্নীতির অভিযোগ এলে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেবে দল, বললেন অরূপ রায়।




আমফানে ক্ষতিগ্রস্তদের তালিকায় ভুয়ো নাম নিয়ে এই মুহুর্তে সরগরম হয়ে উঠেছে বাংলার রাজ্য-রাজনীতি। অনেক ক্ষেত্রেই আমফানের ক্ষতিপূরণ তালিকায় দুর্নীতি ও স্বজনপোষণেরও অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, তালিকায় এমন মানুষের নাম রয়েছে যারা বিত্তশালী, এমনকি কোনওভাবেই তাঁরা আমফানে ক্ষতিগ্রস্ত হননি।





 হাওড়া জেলাতেও সাঁকরাইল, দ্যুইল্যা, পাঁচলায় এমন অভিযোগ উঠেছে। শনিবার এক সাংবাদিক বৈঠকে এমন অভিযোগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় জানিয়েছেন, "এর বিরুদ্ধে দল ব্যবস্থা নিচ্ছে। যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। অনুসন্ধান করে যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।




এখনও পর্যন্ত একজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে। পাঠিয়ে দিয়েছি। যাদের বিরুদ্ধে দলের কাছে অভিযোগ এসেছে, যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।" যাদের ত্রাণ পাওয়ার কথা তারা পাচ্ছে না। এমন অভিযোগের প্রসঙ্গে মন্ত্রী  বলেন, "এমন একটা কমপ্লেন আমার কাছে এসেছিল। আমি জেলাশাসককে বলি।




জেলাশাসক সেটা প্রথমে তদন্ত করে সব টাকা বন্ধ করে দেন।" অরূপ রায় আরও জানান, "এরজন্য তালিকাও বাতিল হয়ে যায়। বিডিওকে শোকজ করা হয়েছে। এখন নতুন করে তালিকা প্রস্তুত হচ্ছে। এটা জেলা প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে। দলের  গুরুত্বপূর্ণ পদে থেকে যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত থাকবে তাদের কাউকেই দল রেয়াত করবে না।"




এদিনের সাংবাদিক বৈঠকে অরূপ রায় কেন্দ্রের বিজেপি সরকারের কড়া সমালোচনা করেন। মোদী সরকার মানুষকে প্রতারণা করছে বলে মন্তব্য করেন তিনি। পাশাপাশি, বিজেপি বাংলার ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করছে বলেও তোপ দাগেন তিনি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.