ছেলেকে জেলে পাঠানোর খবরে মায়ের হার্ট অ্যাটাকে মৃত্যু
ঢাকা প্রতিনিধি : বাংলাদেশের কুড়িগ্রামের ফুলবাড়ীতে ছেলেকে মাদকের মামলা দিয়ে জেলহাজতে পাঠানোর খবর শুনে মা হার্ট অ্যাটাকে মারা গেছেন। এ ঘটনা ঘটে গতকাল সোমবার বিকালে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ফকিরপাড়া গ্রামে শাহজাহানের ছেলে শাহ আলম (২৮) ঢাকায় গার্মেন্টকর্মী হিসেবে কাজ করার পাশাপাশি গোপনে মাদক কারবারি করে আসছিল। চালের বস্তার ভেতরে বিশেষ কায়দায় গাঁজা ভরে ঢাকায় নিয়ে যাওয়ার জন্য সোমবার ভোরে একই এলাকার নজির হোসেনের ছেলে অটোচালক ছবিদুল ইসলামের অটোরিকশাটি ভাড়া করে।
অটোরিকশাতে বস্তাভর্তি চাল ও অন্যান্য জিনিসপত্র নিয়ে ঢাকার বাসে ওঠার জন্য পার্শ্ববর্তী লালমনিরহাট জেলার বড়বাড়ী বাজারের দিকে রওনা দেন। কিন্তু বস্তার ভেতরে মালামাল কী ছিল তা জানা ছিল না অটোচালকের। এরই মধ্যে ধরলা সেতুর পশ্চিমপাড়ে চেকপোস্টে পৌঁছলে অটোটির গতি রোধ করে পুলিশ।
এ সময় পুলিশ তল্লাশি চালিয়ে বস্তার চালের ভেতর লুকিয়ে রাখা পাঁচ কেজি গাঁজা জব্দ করে। পরে অটোচালকসহ গাঁজা কারবারি শাহ আলমকে থানায় নিয়ে আসে। এ খবর শুনে অটোচালকের মা ছকিলা বেগম (৫৫) ছেলেকে থানায় দেখতে আসেন। পরে অনেক কান্নাকাটি করে বাড়ি ফেরার পথে ছেলেকে জেলহাজতে নিয়ে যাওয়ার খবরে বাড়িতে পৌঁছানোর আগেই রাস্তায় হার্ট অ্যাটাক করে মারা যান।
এ ব্যাপারে শিমুলবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান এজাহার আলী বলেন, নির্দোষ ছেলেটিকে ছাড়ার জন্য চেষ্টা করা হয়েছে। কিন্তু পুলিশ জানিয়েছে অটোতে মাল পাওয়ায় তাকে আসামি করা হয়েছে। ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায় জানান, অটোরিকশায় গাঁজা পাওয়ায় চালককেও আসামি করা হয়েছে। তদন্ত করে নির্দোষ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।

Post a Comment