কন্যা সন্তান জন্মের মাত্র ৩৯ দিন পর ফের পুত্র সন্তানের জন্ম দিলেন এক মা !
ঢাকা প্রতিনিধি : বাংলাদেশের ময়মনসিংহ জেলায় কন্যা সন্তান জন্মের ৩৯ দিন পর পুত্র সন্তানের জন্ম দিলেন এক মা। গত ২৩ জুন রীতা নামের ওই মা দ্বিতীয় সন্তান প্রসব করেন।এতো কম সময়ের ব্যবধানে দুটি সন্তান জন্ম দেওয়াকে বিরল ঘটনা বলছেন চিকিৎসকরা।
রীতা আক্তারের স্বামীর নাম আমিনুল ইসলাম। তারা ঢাকার পাশেই গাজীপুরের কাপাশিয়া উপজেলার বর্মী এলাকার নয়ানগর গ্রামের বাসিন্দা। সাড়ে তিন বছরের দাম্পত্য জীবনে নিঃসন্তান ছিলেন এই দম্পতি। অবশেষে ৩৯ দিনের ব্যবধানে ২ সন্তান ঘরে এসেছে।
জানা গিয়েছে, তারা একটি সন্তান লাভের আশায় ময়মনসিংহে ডা. শিলা সেনের চিকিৎসা গ্রহণ করেন। চিকিৎসা আর পরামর্শ গ্রহণের পর রীতা গর্ভবতী হন। আলট্রাসনোগ্রাম করার পর রীতার গর্ভে দুটি সন্তানের অস্তিত্ব ধরা পড়ে। গর্ভধারণের পরও তিনি নিয়মিত ডা. শিলা সেনের তত্ত্বাবধানে চিকিৎসা গ্রহণ করতে থাকেন।
গত ১৩ মে হঠাৎ করে রীতার পেট ব্যথা শুরু হলে তাৎক্ষণিকভাবে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করলে তাকে চেম্বারে আসতে বলেন ডাক্তার শিলা সেন। রীতা আসার পর তাকে ময়মনসিংহের শিলাঙ্গন হাসপাতালে ভর্তি করে লেবার ওটিতে পাঠানো হয়।ওইদিনই রীতা একটি কন্যা সন্তান প্রসব করেন। সন্তানটি ৩১ সপ্তাহে জন্ম নিয়েছিল। ওজনও ছিল মাত্র ১ হাজার ১০০ কি.গ্রাম।
অন্যদিকে, দ্বিতীয় সন্তানটি রীতার গর্ভেই থেকে যায়। প্রথম সন্তান জন্মের পর রীতা শারীরিকভাবে সুস্থতাবোধ করতে থাকলে ৭২ ঘণ্টা পর পরবর্তী চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহের চূরখাইয়ে অবস্থিত কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এর পর গত ২৩ জুন রীতা দ্বিতীয় পুত্র সন্তান প্রসব করেন।
রীতা বলেন, দীর্ঘদিন পেটে সন্তান না আসায় ডা. শিলা সেনের চিকিৎসা গ্রহণ করি। চিকিৎসা আর পরামর্শ গ্রহণের পর আল্লাহর রহমতে গর্ভবতী হই। এক কন্যা সন্তান জন্মের ৩৯ দিন পর ছেলে সন্তানের জন্ম দিয়েছি। আমি একজন গর্বিত মা।
ডা. শিলা সেন বলেন, সাধারণত যমজ বাচ্চার প্রসব কয়েক মিনিট বা এক-দুই ঘণ্টার ব্যবধানে হয়ে থাকে। এটি একটি বিরল ঘটনা। এ দম্পতির জন্য আশীর্বাদ রইল। রীতা ও তার সন্তানরা এখন সুস্থ আছে।

Post a Comment