বিশ্ব পিতৃ দিবস : পিতা স্বর্গ, পিতা ধর্ম
‘পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতাহী পরমং তপঃ, পিতরী প্রিতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা’- সনাতন ধর্মাবলম্বীরা এই মন্ত্র জপে বাবাকে স্বর্গজ্ঞান করে শ্রদ্ধা করেন। মুসলিমদের ধর্মগ্রন্থ আল কোরআনে পিতা-মাতার সম্মান প্রসঙ্গে বলা আছে- পিতা-মাতার সঙ্গে উহ! (বিরক্তিমূলক) শব্দ পর্যন্ত করো না। পিতা সন্তানের মাথার ওপর বটবৃক্ষের ছায়ার মতো যার স্নেহ অবারিত ধারায় শুধু ঝরতেই থাকে। শিশু সন্তানের কচি হাতটি যখন পিতার হাতটি আঁকড়ে ধরে হাঁটতে থাকে তখন তাদের এ অটুট সম্পর্ক জানান দেয়।
সন্তানের ভালোর জন্য জীবনের প্রায় সবকিছুই নির্দ্বিধায় ত্যাগ করতে হয় পিতাকে। আদর-শাসন আর বিশ্বস্ততার জায়গা হলো বাবা। বাবার মাধ্যমেই সন্তানের জীবনের শুরু। সন্তান বাবার ঋণ কখনো পরিমাপ করতেও পারে না। সেই পিতার প্রতি সম্মান জানাতে বিশ্বজুড়ে পালিত হচ্ছে পিতা দিবস।
আজ বিশ্ব পিতা দিবস। এনসাইক্লোপিডিয়া জানাচ্ছে, জুন মাসের তৃতীয় রোববার বিশ্বের অধিকাংশ দেশে দিবসটি পালিত হয়। তৃতীয় রোববার হিসেবে এ বছর ২১ জুন পালিত হচ্ছে পিতা দিবস।
ইতিহাস ঘেঁটে জানা যায়, ১৯০৮ সালে প্রথম পিতা দিবস উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছিল। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ভার্জিনিয়ার ফেয়ারমন্টে ৫ জুলাই এই দিবস পালন করা হয়। ১৯৬৬ সালে যুক্তরাষ্ট্রের তত্কালীন প্রেসিডেন্ট লিন্ডন বি জনসন জুন মাসের তৃতীয় রোববারকে আনুষ্ঠানিকভাবে বাবা দিবস হিসেবে নির্ধারণ করেন। ১৯৭২ সালে প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন প্রতিবছর জাতীয়ভাবে পিতা দিবস পালনের রীতি চালু করেন। সাম্প্রতিক বছরগুলোতে ইন্টারনেট, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং স্যাটেলাইট যুগের সুবাদে পিতা দিবস ঘটা করেই পালিত হচ্ছে।
তবে এবার পরিস্থিতি ভিন্ন। গত বছরের ডিসেম্বরে চিনের উহান শহর থেকে প্রাদুর্ভাব ঘটেছে মহামারি করোনাভাইরাসের, যা ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। এখনো করোনা ভাইরাস সংক্রমণে আক্রান্ত মানুষের সংখ্যা প্রতিদিনই বেড়ে চলেছে। এ অবস্থায় পিতৃ দিবসটি পালন করা কঠিন হয়ে পড়েছে সন্তানদের জন্য।
তবুও পৃথিবী জুড়ে মহামারি হোক, আর যা-ই হোক পিতাদের প্রতি সন্তানের ভালোবাসা তো আর থেমে থাকবে না। আজকের এই কঠিন সময়ে পৃথিবীর সব সন্তানের তরফ থেকে পৃথিবীর সব পিতাদের প্রতি রইলো গভীর ভালোবাসা, শ্রদ্ধা। আর সমস্ত পিতারাও তাদের সন্তানদের পৃথিবীর এই দুঃসময়ে পরম মমতায় বুকে আগলে রাখুন সেই প্রত্যাশা রইলো।
Post a Comment