শাল জঙ্গলে পঙ্গপালের মতোপতঙ্গের হানা, এলাকায় আতঙ্ক
উত্তর ও পশ্চিম ভারতে হানা দিয়েছে পঙ্গপালের দল। কোটি কোটি পঙ্গপালের দল প্রতিদিন খেয়ে ফেলছে টন টন খাদ্যশষ্য। এবার কি সেই পঙ্গপালের দল হানা দিল এ রাজ্যেও। গত দিন দুই ধরে কয়েকহাজার পঙ্গপাল সদৃশ এক পতঙ্গ যেভাবে হানা দিয়েছে বাঁকুড়ার জঙ্গলে তাতে আশঙ্কাটা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
রবিবার বিকালে বাঁকুড়ার রাধানগর লাগোয়া লখেশোল শালবাগান এলাকার বাসিন্দারা দেখেন স্থানীয় শাল জঙ্গলে হানা দিয়েছে একদল পঙ্গপাল সদৃশ পতঙ্গ। জঙ্গলে হানা দেওয়া পতঙ্গগুলি সংখ্যায় রয়েছে কয়েকহাজার। পতঙ্গগুলি নিমেষে খেয়ে ফেলছে কাঁচা শালপাতা।
বিষয়টি নজরে আসতেই এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। যে এলাকায় এই পতঙ্গ গুলি হানা দিয়েছে সেই এলাকায় সবজী চাষ ভালো হয়। মাঠে এখন রয়েছে ঝিঙে, লাউ, করলা, ঢ্যাঁড়স সহ বিভিন্ন সবজী। এমনিতেই লক ডাউনে পরিবহনের অভাব ও আমপান ঝড়ের তান্ডবে ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় সবজী চাষিরা।
এরউপর পঙ্গপাল সদৃশ পতঙ্গগুলি সবজীর জমিতে হানা দিলে সেক্ষেত্রে সব শেষ হওয়ার আশঙ্কা করছেন এলাকার কৃষকরা। স্থানীয় সূত্রে খবর পেয়ে পঙ্গপাল সদৃশ ওই পতঙ্গ দলের উপর কড়া নজরদারি চালাতে শুরু করেছে বন দফতর।
বাঁকুড়া উত্তর বনবিভাগের ডি এফ ও জে ভি ভাস্কর জানিয়েছেন পতঙ্গগুলি পঙ্গপালের মতো অনেকটা দেখতে হলেও উত্তর ও পশ্চিম ভারতে হানা দেওয়া পঙ্গপালের সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই।

Post a Comment