বিশ্ব পরিবেশ দিবসে গোটা পৃথিবীর জীববৈচিত্র্য রক্ষার বার্তা প্রধানমন্ত্রী
বিশ্ব পরিবেশ দিবসে গোটা পৃথিবীর জীববৈচিত্র্য রক্ষার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী প্রজন্মকে আরও সুন্দর ও সুরক্ষিত রাখতে জীববৈচিত্রকে রক্ষা করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মোদী। পৃথিবীকে বাঁচাতে সবাইকেই নিজেদের দায়িত্ব পালন করতে হবে বলেও মনে করেন তিনি।
বিশ্ব পরিবেশ দিবসে প্রধানমন্ত্রী টুইটে লিখেছেন, ‘বিশ্ব পরিবেশ দিবসে উত্কৃষ্টমানের জীববৈচিত্র সংরক্ষণের সংকল্পের কথা মনে করতে হবে। পৃথিবীকে আরও উন্নত করতে প্রাণি ও উদ্ভিদকূলকে রক্ষা করতে সংগঠিতভাবে এগিয়ে আসতে হবে। আগামী প্রজন্মের জন্য আরও সুন্দর পৃথিবী যেন আমরা রেখে যেতে পারি।’
প্রতি বছর ৫ জুন গোটা পৃথিবীতে নানা অনুষ্টানের মাধ্যমে পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস। তবে এবার গোটা বিশ্বে করোনার করাল থাবার জেরে সেই উন্মাদনায় ছেদ পড়েছে।
এ বছরের আয়োজক দেশ হল কলম্বিয়া। আয়োজক দেশের তরফে জানানো হয়েছে যে প্রায় দশ লক্ষ জীববৈচিত্র বিলুপ্তির পথে। জীববৈচিত্র রক্ষায় এর চেয়ে গুরুত্বপূর্ণ সময় আসেনি।
গোটা বিশ্বের জীববৈচিত্রের ১০ শতাংশই রয়েছে কলম্বিয়ায়। অ্যামাজন রেনফরেস্টের একটা বড় অংশ রয়েছে কলম্বিয়ায়। পৃথিবীর নানা ধরনের পাখি ও অর্কিডের বৈচিত্রের নিরিখে প্রথম এই দেশ। গাছপালা, প্রজাপতি, স্বচ্ছ জলের মাছ এবং উভচর বৈচিত্রের নিরিখে কলম্বিয়ার স্থান বিশ্বে দ্বিতীয়। ১৯৭২ সালে প্রথমবার, রাষ্ট্রপুঞ্জ এই ৫ জুন এই তারিখটিতে ভিত্তি স্থাপন করেছিল। তার পর থেকে প্রতিবছর ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। দিবসটি প্রথম পালিত হয় ১৯৭৪ খ্রিষ্টাব্দে।
Post a Comment