সুশান্তের মৃত্যুর শোকে চলে গেলেন পরিবারে আরও এক আত্মীয়া
সুশান্ত সিং রাজপুত সোমবার বিকেলে মুম্বইতে শেষকৃত্য সম্পন্ন হয়েছে। আর তার ঠিক পরই ফের দুঃসংবাদ সিং পরিবারে। চলে গেলেন সুশান্ত সিং রাজপুতের বৌদি। সূত্রের রিপোর্ট অনুযায়ী, একদিকে যখন মুম্বইতে সুশান্তের শেষকৃত্য চলছিল, তখনই বিহারের পূর্ণিয়ায় ওই আত্মীয়ার মৃত্যু হয়। জানা গিয়েছে, সুশান্তের মৃত্যুর খবর সহ্য করতে পারেননি তিনি। ওই খবর শোনার পর থেকেই খাওয়া-দাওয়া ছেড়ে দেন। তিনি সুশান্তের এক তুতো ভাইয়ের স্ত্রী।
এদিন বাবার হাতেই শেষকৃত্য সম্পন্ন হয় অভিনেতার। সোমবার সকালেই পাটনা থেক মুম্বই পৌঁছন অভিনেতার বাবা। ভিলে পার্লেতে পবন হংস ক্রিমেটোরিয়ামে শেষ শয্যায় শায়িত হন অভিনেতা। এদিন তাঁর পরিবারের পাশাপাশি, বন্ধুবান্ধবরাও উপস্থিত ছিলেন শেষযাত্রায়।
প্রভিশনাল ময়নাতদন্তের রিপোর্ট বান্দা পুলিশ স্টেশনে এদিন জমা দেন চিকিৎসকরা। তিন জন চিকিৎসকের একটি টিম সুশান্তের দেহের ময়নাতদন্ত করে বলে জানা গিয়েছে। মৃত্যুর প্রাথমিক তদন্তরিপোর্ট বলছে অ্যাসফিকসিয়া (asphyxia)-র ফলেই সুশান্তের মৃত্যু হয়েছে। যা মূলত গলায় দড়ি দিয়ে আত্মহত্যার ফলেই হয়ে থাকে। রবিবার রাতে তিন ঘন্টা ময়নাতদন্ত চলে বলে সূত্রের খবর। আর তারপরেই সোমবার মুম্বই পুলিশের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়, খুন নয়, আত্মহত্যাই করেছেন সুশান্ত। গলায় দড়ি দেওয়ার ফলেই তাঁর মৃত্যু হয়।
Post a Comment