ফের মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত ২৪ পরিযায়ী শ্রমিক
সেতু নিউজঃ ফের মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো ২৪ জন পরিযায়ী শ্রমিকের। উত্তরপ্রদেশের আউরাইয়া এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার হজেরে আহত হয়েছেন অনেকে। আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। জানা গিয়েছে, ওই শ্রমিকরা রাজস্থান থেকে আসছিলেন। একটি ট্রাকে করে আসছিলেন ওই পরিযায়ী শ্রমিকরা। উত্তরপ্রদেশের আউরাইয়াতে অন্য একটি ট্রাক এসে ধাক্কা দেয় পরিযায়ী শ্রমিকদের ট্রাকে।
আউরিয়ার জেলা শাসক অভিষেক সিং জানিয়েছেন, শনিবার ভোর সাড়ে তিনটে নাগাদ এই দুর্ঘটনা ঘটে। ঘটনায় ২৪ জন শ্রমিক প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ১৫ থেকে ২০ জন শ্রমিক। শ্রমিকদের বেশিরভাগ বিহার, ঝাড়খন্ড এবং পশ্চিমবঙ্গের বাসিন্দা।
এর আগে গত বৃহস্পতিবার পরিযায়ী শ্রমিকদের বাস ও একটি লরির মুখোমুখি সংঘর্ষে ৮ শ্রমিকের মৃত্যু হয়। ওইদিন সকালেই উত্তরপ্রদেশে ৬ জন পরিযায়ী শ্রমিকের উপর দিয়ে চলে যায় একটি সরকারি বাস। গত সপ্তাহেই মহারাষ্ট্রে রেল লাইনের উপর বিশ্রাম নেওয়া ১৬ জন পরিযায়ী শ্রমিকের উপর দিয়ে চলে যায় মালগাড়ি। ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের।
Post a Comment