‘ফোকাসিয়া ব্রেড আর্ট’ - The News Lion

‘ফোকাসিয়া ব্রেড আর্ট’



লকডাউনে কেউ মজেছেন সাবেক রান্নায়। কেউবা বানিয়েছেন ‘ডালগোনা কফি’। তবে রান্না সাবেকি হোক বা নতুন, ইনস্টাগ্রামে দেখা গিয়েছে সব খাবারের ছবিই।
হ্যাশট্যাগের জমানায় সেসব ছবি ভাইরাল হতেও বিশেষ সময় লাগেনি। রেসিপি জেনে অনেকেই বানিয়েও ফেলেছেন বাহারি পদ। ব্রেকফাস্ট-লাঞ্চ কিংবা ডিনারে মাঝে মাঝেই হাজির হয়েছে নিত্যনতুন ডিশ। ঘরে থাকা সাধারণ জিনিসপত্রেই হয়েছে মুশকিল আসান। সময় কিংবা মেহনত কোনওটাই বেশি লাগেনি। এদিকে রান্নাবান্নায় মন দিয়ে গৃহবন্দি দশায় অনেকেরই সময় কেটেছে বেশ ভালভাবেই।


আর এই ফুড ট্রেন্ডের তালিকায় নয়া সংযোজন ফোকাসিয়া ব্রেড আর্ট (focaccia bread art)। তবে পাউরুটি শুনলেই যাঁদের মেজাজ বিগড়ে যায়, মুখ চুপসে যায় কিংবা খিদে কমে যায় তাঁদের জন্য রয়েছে সুখবর, এই ব্রেড বা পাউরুটি যে সে নয়, খোদ ইতালি থেকে আমদানি হওয়া। ইস্ট- অলিভ ওয়েল-নানারকম হার্বসের ফ্লেভার—-এই তিনের মিশ্রণেই তৈরি হয় হয় ফোকাসিয়া ব্রেড। স্যান্ডউইচ কিংবা পিৎজা, ব্যবহার হয় সবক্ষেত্রেই।


এই ফোকাসিয়া ব্রেডের উপরেই খাওয়া যায় এমন নানা জিনিস দিয়ে এবার নিজেদের শিল্পকলা প্রদর্শন করেছেন মাস্টার শেফরা। একঝলক দেখলে মনে হবে যেন ক্যানভাসে রঙ বুলিয়েছেন পাকা হাতের শিল্পী। তবে এখানে রঙ নয় বদলে রয়েছে নানা রঙের খাবারদাবার। বেল পেপার, ক্যাপসিকাম, চেরি টোম্যাটো, আঙুর, নানারকম ফলের টুকরো, মাশরুম আর বিভিন্ন হার্বস দিয়েই সাজানো হয়েছে ফোকাসিয়া ব্রেড। কোথাও সূর্যমুখী ফুল, কোথাও বা অন্য কোনও ফুলের ঝাড় হাজির হয়েছে প্লেটে। বলে না দিলে বোঝা দায় যে এটা খাবার জিনিস। বেল পেপারের উজ্জ্বল লাল-হলুদ রঙ, কিংবা টুকটুকে লাল চেরি টোম্যাটো, অথবা হাল্কা-গাঢ় সবুজ হার্বস—-এই সবের মিশেলে একদম নতুন লুক পেয়েছে ফোকাসিয়া ব্রেড। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.