করোনায় ‘আমির খানের আজব দান’
করোনায় আমির খানের ত্রাণ বিষয়ক তথ্য সামাজিক মাধ্যমে ভাইরাল। বেশ কিছু পোস্ট বক্তব্য অনুযায়ী আমির খান সম্প্রতি একটি বস্তিতে ট্রাকে করে আটা পাঠান। ঘোষণা করা হয় যাদের প্রয়োজন, তারা এসে আটা নিয়ে যেতে পারেন। তবে প্রত্যেককে মাত্র এক কেজি করে আটা দেয়া হবে। যাদের খুব প্রয়োজন ছিল তারাই ওই ত্রাণের আটা নিয়ে আসেন ও প্যাকেট খুলতেই দেখেন, তার ভিতরে নগদ ১৫ হাজার টাকা।
হোয়াটস্অ্যাপ, ফেসবুক, টুইটার, টিকটক সর্বত্র তা এই ত্রাণের বিষয়টি ভাইরাল হয়েছে। কোথাও ছবি এডিট করে ‘আমির খানের আজব দান’ লিখে শেয়ার করা হচ্ছে। কেউ কেউ শেয়ার করছেন আমির খানের ছবি। সঙ্গে আটার প্যাকেটের ছবি, যার মধ্যে রাখা ৫০০ টাকার নোটের বান্ডিল! অনেকে শেয়ার করেছেন টিকটকের একটি ভিডিও। যেখানে সাদা টুপি, নীল জামা পরা এক ব্যক্তি এই ‘ঘটনা’র কথা বলছেন।
এতটাই ভাইরাল হয়েছে এই পোস্ট যে, পাকিস্তানের একটি ইউটিউব চ্যানেলে তো এই নিয়ে ভিডিও প্রতিবেদন প্রকাশ হয়েছে। কিন্তু ঘটনাটির সত্যতা প্রকাশিত হয়েছে কিছু সংবাদ মাধ্যমে। মূলত আমির খান প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল, পিএম কেয়ারস ফান্ড ও দিল্লী সরকারের ত্রাণ তহবিলে দান করেছেন। তার আসন্ন ছবি ‘লাল সিং চড্ডা’র সেটে যে কলাকুশলীরা দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করতেন, তাদেরও আর্থিক সাহায্য দিয়েছেন তিনি। তবে মিস্টার পার্ফেকশনিস্ট নামে খ্যাত আমির খান আটার প্যাকেটে টাকা দেয়ার কোনো উদ্যোগ নেননি। ভাইরাল হওয়া ওই ঘটনাটি আসলে গুজব। গুজবের শুরু টিকটকে প্রকাশিত একটি ভিডিও থেকে।
Post a Comment