কী দোষ ছিল মুরগির!
ঢাকা প্রতিনিধিঃ কী দোষ ছিল চার হাজার মুরগির! কারোই তা জানা নেই? অজানা কারণে হত্যা করা হয়েছে এই মুরগিগুলোকে। গত শুক্রবার (২৯ মে) রাতে বাংলাদেশের সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার রায়দৌলতপুর গ্রামের খামারি আয়নাল হক মন্ডলের খামারে ঘটে এ ঘটনা।
আয়নাল হক মন্ডল সাংবাদিকদের জানান, শুক্রবার রাতে আমার দুটি খামারের আট হাজার মুরগিকে খাবার দিয়ে আমি বাড়িতে চলে যাই। শনিবার সকালে খামারে এসে দেখি একটি খামারের চার হাজার মুরগি মরে পড়ে রয়েছে। কে বা কারা শত্রুতা করে মুরগিগুলো হত্যা করেছে জানি না।
তিনি বলেন, খামারের মুরগিগুলোর বয়স হয়েছিল ৪৫ দিন আর প্রত্যেকটা মুরগির ওজন হয়েছিল পাঁচ শ’ গ্রাম করে। আমার প্রায় চার লক্ষাধিক টাকা ক্ষতি হয়ে গেছে। আমি এখন নিঃস্ব হয়ে গিয়েছি। ব্যাংক থেকে ঋণ নিয়ে খামার করেছিলাম। আমি এখন কীভাবে এই ঋণ পরিশোধ করবো।
এ ব্যাপারে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল হাই জানান, চার হাজার মুরগি হত্যার ঘটনাটি খুবই মর্মান্তিক ও হৃদয়বিদারক। উপ-সহকারী প্রাণীসম্পদ কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। কীভাবে মুরগিগুলোকে হত্যা করা হয়েছে বিষয়টি জানার জন্য মুরগির মৃতদেহ থেকে নমুনা পরীক্ষা করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
Post a Comment