কোভিড মৃতদেহের মোড়ক খুলে করোনা আক্রান্ত ১৮
স্বাস্থ্যসুরক্ষা সংক্রান্ত নিয়ম না মেনে কোভিড-১৯-এ মৃত এক মহিলার মৃতদেহের মোড়ক খুলে আক্রান্ত মৃতের আরও ১৮ জন আত্মীয়। ঘটনাটি মুম্বইয়ের উল্লাসনগরের। গত ২৫ মে কোভিড-১৯ আক্রান্ত ওই ৪০ বছর বয়স্ক মহিলা কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা যান। তাঁর মৃতদেহের সৎকার করতে যান জনা পঁচিশেক আত্মীয়।
সেখানে গিয়ে নির্দেশিকা অমান্য করেই মৃতদেহের মোড়ক খোলা হয় বলে অভিযোগ। জানা যায়, সৎকারে অংশ নেওয়া কমপক্ষে ১৮ জন সদস্যদের নমুনা পরীক্ষায় শুক্রবার করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। নিয়ম অমান্য করার অপরাধে তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছেন, নিয়ম মেনেই মৃতদেহটি মোড়কে আবৃত করে পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়েছিল।
তাঁদের বলা হয়েছিল, সৎকারের সময় যেন ওই মোড়কটি না খোলা হয়। কিন্তু সেই নির্দেশ অমান্য করেই একটি ধর্মীয়স্থানে নিয়ে গিয়ে মৃতদেহের মোড়ক খোলা হয়। সেখানে বিভিন্ন ধর্মীয় রীতি পালন করার সময় মৃতদেহটি স্পর্শও করেন কয়েকজন। উল্লাসনগর পুরসভার এক ঊর্ধ্বতন আধিকারিক জানান, খোঁজ নিয়ে দেখা হচ্ছে ওই সৎকার প্রক্রিয়ায় আর কারা অংশ নিয়েছিলেন? মৃতের পরিবারের সদস্যদের বিরুদ্ধে আইন অমান্য করায় মামলা দায়ের করা হয়েছে।
Post a Comment