আমফানের প্রভাবে কলকাতা শহর জুড়ে পড়ছে বড় বড় গাছ
সেতু নিউজঃ কলকাতায় আমফানের প্রভাব শুরু। ১০০ কিলোমিটার বেগে ঝড় বইছে বলে জানা গিয়েছে। শহরের একাধিক জায়গায় গাছ পড়ে বন্ধ হয়ে গিয়েছে রাস্তা। গাছ পড়েছে গড়িয়াহাটেও।
সল্টলেকের সিজিও কমপ্লেক্সের সামনেও গাছ পড়ে গিয়েছে। কলকাতার পূর্ণদাস রোড বন্ধ হয়ে গিয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে শহরের বিভিন্ন জায়গায়। গাছ সরাতে বা কাটতে এখনই রাস্তায় নামতে হবে না, বিপর্যয় মোকাবিলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বিভিন্ন জায়গায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। পার্কসার্কাস রাস্তাঘাট জনশূন্য। মা ফ্লাইওভার বন্ধ রাখা হয়েছে। তৈরি ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম। সতর্কতা জারি করা হয়েছে উত্তর ২৪ পরগনার গঙ্গার তীরবর্তী বারাকপুর শিল্পাঞ্চলেও। বুধবার সকাল থেকেই প্রচন্ড ঝড়ো হাওয়া আর বৃষ্টি শুরু হয়েছে বারাকপুর শিল্পাঞ্চল জুড়ে। ফলে লক ডাউনের মধ্যে বারাকপুরের জনজীবন একদম স্তব্ধ হয়ে গেছে।
বারাকপুরের শিল্পাঞ্চল গঙ্গার তীরবর্তী হওয়ায় বিশেষ ভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে বারাকপুর শহরকে। গোটা বারাকপুর পুর এলাকা জুড়ে বার বার মাইকিং করে বাড়ির থেকে নাগরিকদের না বেরনোর আর্জি জানানো হচ্ছে। পাশাপাশি এলাকাবাসীদের সতর্ক থাকার কথা বলা হচ্ছে।
Post a Comment