করোনাভাইরাসে বাংলাদেশে একদিনে সর্বোচ্চ ১৬১৭ জন শনাক্ত
সেতু নিউজ : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট ৩৮৬ জন মারা গেলেন। একই সময়ে এই ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ৬১৭ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৬ হাজার ৭৩৮ জনে।
আজ বুধবার (২০ মে) দুপুরে করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর। বুলেটিন উপস্থাপন করেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস এখন গোটা বিশ্বকেই কাঁপিয়ে দিচ্ছে। এ ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা এখন প্রায় অর্ধকোটি। মৃতের সংখ্যা সোয়া তিন লাখ ছাড়িয়েছে। তবে পৌনে ২০ লাখের বেশি রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন।
বাংলাদেশে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয় গত ৮ মার্চ। তারপর দিন গড়ানোর সঙ্গে সঙ্গে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। লম্বা হচ্ছে মৃত্যুর মিছিলও।
Post a Comment