আস্ত একটি জে সি বি গাড়ি গ্যাস কাটার দিয়ে কেটে বিক্রি করে দেওয়ার অভিযোগ
দি নিউজ লায়নঃ আস্ত একটি জে সি বি গাড়ি গ্যাস কাটার দিয়ে কেটে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল প্রজেক্টের নিরাপত্তা কর্মীদের বিরুদ্ধে। অভিযোগ, এই কাজে বাধা দিতে গেলে মালিককেও মারধোর করা হয়। ঘটনাটি ঘটেছে বারুইপুরের সাউথ গড়িয়া এলাকায়। মঙ্গলবার রাতে বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেছেন জে সি বির মালিক। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনার পর থেকেই অভিযুক্তরা চম্পট দিয়েছে। তাদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ ।
সাউথ গড়িয়ায় একটি বেসরকারি সংস্থার কাজের জন্য রনজিৎ ঘোষ নামে এক ব্যক্তি জে সি বি গাড়ি ভাড়া নেন। কয়েকদিন ধরেই সেই সংস্থারই কাজ হচ্ছিল। জেসিবি গাড়ি চালকের শরীর খারাপ হওয়ায় গাড়ি ওই কাজের এলাকার মধ্যেই রাখা ছিল। মঙ্গলবার জেসিবির মালিক রনজিৎ বাবু চালককে নিয়ে গাড়ি আনতে গিয়ে দেখেন জে সি বি গ্যাস কাটার দিয়ে কেটে টুকরো করা হয়েছে। সেইগুলো বাইরে বিক্রি করে দেওয়ার জন্য বড় গাড়িতে রাখা হয়েছে।
অভিযোগ, এই কাজে রনজিৎবাবু বাধা দিতে গেলে তাঁকে মারধোর করে মদ্যপ নিরাপত্তা কর্মীরা। এই প্রসঙ্গে রনজিৎবাবু বলেন, প্রায় ৩০ লক্ষ টাকার জে সি বি গাড়ি। কিভাবে তা কেটে বিক্রি করে দেওয়া হয়েছে তা না দেখলে বিশ্বাস হবে না। কেন এমন কাজ হল তাও বুঝতে পারছি না। পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করুক এটাই চাই।

Post a Comment