ব্যাংকের কিয়স্ক খুলে দেওয়ার নাম করে ৩০ হাজার টাকা হাতিয়ে নেওয়া অভিযোগ - The News Lion

ব্যাংকের কিয়স্ক খুলে দেওয়ার নাম করে ৩০ হাজার টাকা হাতিয়ে নেওয়া অভিযোগ

  


দি নিউজ লায়নঃ   ব্যাংকের কিয়স্ক খোলার ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়ে এক ব্যক্তির কাছ থেকে ৩০ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। কয়েক দফায় তাঁর কাছ থেকে টাকা নেওয়া হয়। পরে তাঁকে আরও টাকা দিতে বলা হয়। কিন্তু, তিনি আর টাকা দিতে চাননি। পুলিস সূত্রে জানা গিয়েছে, জামালপুর থানার দক্ষিণ শুঁড়ার বাসিন্দা মৃন্ময় দাস মাস দু’য়েক আগে একটি মেইল পান।


 তাতে তাঁকে ব্যাংকের কিয়স্ক খোলার অনুমতি দেওয়া হবে বলে জানানো হয়। পরে হোয়াটসঅ্যাপেও মেসেজ পাঠিয়ে তাঁকে কিয়স্ক এবং গ্রাহক পরিষেবা কেন্দ্র খোলার ব্যবস্থা করে দেওয়ার কথা জানানো হয়। তার জন্য তাঁর কাছ থেকে টাকা চাওয়া হয়। বিশ্বাস করে তিনি কিছু টাকা একটি অ্যাকাউন্টে পাঠান। ফের তাঁর কাছ থেকে টাকা চাওয়া হয়। কয়েক দফায় তিনি মোট ৩০ হাজার ৮ টাকা প্রতারকদের অ্যাকাউন্টে জমা করেন।


 টাকা জমা করার পরও তিনি কোনও কিয়স্ক ও গ্রাহক পরিষেবা কেন্দ্র খোলার অনুমতি সংক্রান্ত কাগজ পাননি। উল্টে তাঁর কাছ থেকে আরও টাকা চাওয়া হয়। মৃন্ময় আরও টাকা দিতে অস্বীকার করেন। পরে প্রতারিত হয়েছেন বুঝতে পেরে জামালপুর থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। অভিযোগ পেয়ে কেস রুজু করেছে থানা। যদিও তারপর বেশ কয়েকদিন কেটে গিয়েছে। তবে, কেউ গ্রেপ্তার হয়নি। জামালপুর থানার এক অফিসার বলেন, নিির্দষ্ট ধারায় কেস রুজু করে তদন্ত শুরু হয়েছে। ঘটনার কিনারায় সাইবার থানার সাহায্য নেওয়া হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.