লেডিস বাথরুমে মোবাইল ক্যামেরা চালু অবস্থায় উদ্ধার
দি নিউজ লায়নঃ লেডিস বাথরুমের মধ্যে মোবাইল ক্যামেরা চালু অবস্থায় উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য বালিতে। এই ঘটনায় আটক করা হয়েছে এক বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের সিকিউরিটি গার্ডকে।হাওড়ার বালি থানা এলাকার বেলুড় স্টেশন রোড সংলগ্ন ওই ডায়াগনস্টিক সেন্টারে মহিলা শৌচালয়ের ভিতর গোপনে চলছিল ক্যামেরা ফোন। ফোনের ক্যামেরা অন করে সেখানে মহিলাদের গোপন ছবি তোলা হচ্ছিল।
এই অভিযোগে ওই ডায়াগনস্টিক সেন্টারের এক নিরাপত্তা কর্মীকে আটক করে বালি থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে। এদিন এক মহিলা টয়লেটে গিয়ে ক্যামেরা অন করা অবস্থায় মোবাইল ফোনটি দেখতে পান। তিনি তাঁর স্বামীকে এসে ঘটনাটি বলেন। এরপরই লোকজন ছুটে এসে ফোনটি উদ্ধার করেন। অভিযুক্ত নিরাপত্তা কর্মীকে উত্তমমধ্যম দিয়ে তাঁরাই পুলিশের হাতে তুলে দেন। পুলিশ তাকে আটক করে বালি থানায় নিয়ে আসে।
শুরু হয় জিজ্ঞাসাবাদ। পুলিশ মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করে পরীক্ষা করে দেখছে। এই ঘটনায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়ে পড়েছে বালির ওই ডায়াগনস্টিক সেন্টারে। সেখানে মহিলাদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। এদিন ওই বেসরকারি প্যাথলজি সেন্টারের লেডিস বাথরুমে মোবাইল ক্যামেরা চালু অবস্থায় পাওয়ার ঘটনায় ওই ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করতে আসা মহিলা রোগীদের মধ্যেও আতঙ্ক ছড়ায়। এই ঘটনায় আটক করা হয় ওই ডায়াগনস্টিক সেন্টারের অভিযুক্ত সিকিউরিটি গার্ডকে। তাঁকে আটক করে নিয়ে যাওয়া হয় বালি থানায়।

Post a Comment