জল অপচয় রুখতে এবার বাড়ি বাড়ি পানীয় জলের সংযোগ বৃদ্ধির উদ্যোগ নিল উলুবেড়িয়া পৌরসভা - The News Lion

জল অপচয় রুখতে এবার বাড়ি বাড়ি পানীয় জলের সংযোগ বৃদ্ধির উদ্যোগ নিল উলুবেড়িয়া পৌরসভা

 


দি নিউজ লায়নঃ রাস্তার পাশে থাকা পানীয় জলের স্ট্যান্ডের জল অপচয় রুখতে এবার বাড়ি বাড়ি পানীয় জলের সংযোগ বৃদ্ধির উদ্যোগ নিল উলুবেড়িয়া পৌরসভা। সূত্রের খবর ইতিমধ্যে পৌরসভার পক্ষ থেকে কলকাতা মেট্রোপলিটন ডেভলপমেন্ট অথরিটির কাছে প্রয়োজনীয় অনুমতি চাওয়া হয়েছে। অনুমতি পাওয়া গেলে বিনামূল্যে বাকি বাড়িতে পানীয় জলের সংযোগ দেওয়ার কাজ শুরু করবে উলুবেড়িয়া পৌরসভা।


উলুবেড়িয়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে থাকা বসতবাড়ি, দোকান, হাসপাতাল, নার্সিংহোমে পানীয় জল সরবরাহের জন্য জগদীশপুর জল প্রকল্প তৈরি করে উলুবেড়িয়া পৌরসভা। নদী থেকে জল উত্তোলন করে সেই জল পরিশ্রুত করে প্রতিদিন গড়ে আড়াই কোটি লিটার জল সরবরাহ করা হয়। উলুবেড়িয়া পৌরসভা সূত্রে খবর পুর এলাকায় ৬১ হাজার বাড়ি আছে। যার মধ্যে ৮০ শতাংশ বাড়িতে পানীয় জলের সংযোগ দিতে পারা গেছে। তবে সব বাড়িতে জলের সংযোগ দিতে না পারায় বিভিন্ন এলাকায় স্ট্যান্ড পোস্ট রাখতে হয়েছে পৌরসভাকে। আর এইসব স্ট্যান্ড পোস্ট এখন মাথা ব্যথার কারণ। অভিযোগ অধিকাংশ স্ট্যান্ড পোস্টে মুখ না থাকায় প্রতিদিন প্রচুর পরিমাণে জল অপচয় হচ্ছে ফলে পৌরসভার আর্থিক ক্ষতি হচ্ছে। পুর আধিকারিক এর বক্তব্য জল অপচয় বন্ধ করতে হলে স্ট্যান্ড পোস্টগুলি বন্ধ করার পাশাপাশি প্রতিটি বাড়িতে জলের সংযোগ দিতে হবে।


এই বিষয়ে উলুবেড়িয়া পৌরসভার প্রশাসক বোর্ডের জল দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সদস্য আকবর শেখ জানান যে পরিমান জল প্রতিদিন সরবরাহ করা হয় সেটা লাগার কথা নয়। জল অপচয় কারণে এই বিপুল পরিমান জল সরবরাহ করতে হয় আমাদের। জল অপচয় রুখতে প্রতিটি বাড়িতে জলের সংযোগ দেওয়ার জন্য আমরা কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটির কাছে আবেদন জানিয়েছে। তারা অনুমতি দিলেই কাজ শুরু হবে। আর প্রতিটি বাড়িতে জলের সংযোগ দেওয়া শেষ হলে স্ট্যান্ড পোস্ট বন্ধ করে দেওয়া হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.