বারুইপুরে রেলের যন্ত্রাংশ তৈরির বেসরকারী কারখানায় ফার্নিশ বিস্ফোরণ - The News Lion

বারুইপুরে রেলের যন্ত্রাংশ তৈরির বেসরকারী কারখানায় ফার্নিশ বিস্ফোরণ

 



দি নিউজ লায়নঃ   রেলের যন্ত্রাংশ তৈরির বেসরকারী কারখানায়(বেসকো) ভয়াবহ ফার্নিশ বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে বারুইপুরে। কারখানার প্রত্যক্ষদর্শী শ্রমিকদের দাবি, ১৫ জন শ্রমিক কমবেশি আহত হয়েছেন। এদের মধ্যে ৪ জন শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের প্রথমে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 


সেখানে অবস্থার অবনতি হলে কলকাতার মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। এদিকে, এই ঘটনার কথা কারখানার পক্ষ থেকে প্রথমে বারুইপুর থানার পুলিশ কে জানানো হয়নি বলে অভিযোগ। পরে সংবাদমাধ্যমের কাছে খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। কারখানার শ্রমিকদের সঙ্গে কথা বলেন পুলিস। পাশাপাশি, কারখানার ম্যানেজারের কাছেও পুলিস এই বিষয়ে জানতে চায়। যদিও এই বিষয়ে সংবাদমাধ্যমের কাছে কারখানার ম্যানেজার কথা বলতে অস্বীকার করেন।  


 হাসপাতাল সূত্রে খবর, আহত ৪ জন শ্রমিকের সারা শরীর আগুনে ঝলসে গিয়েছে। তাঁদের নাম আলী মোরতাজা, হিরু সরকার, বি পি জানা, তাপস নস্কর। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুর ১-৩০ টার পরে আচমকা রেলের যন্ত্রাংশ তৈরির বেসরকারী কারখানায় ( বেসকো ইণ্ডিয়া প্রাইভেট লিমিটেড) ফার্নিশ এর জায়গায় জোরালো শব্দে বিস্ফোরণ হয়। শ্রমিকরা দূরে ছিটকে পড়ে। আতঙ্ক ছড়িয়ে পড়ে তাঁদের মধ্যে।


 প্রাণ বাঁচাতে ছোটাছুটি শুরু হয়ে যায়। গুরতর আহত অবস্থায় ৪ শ্রমিককে উদ্ধার করে কোনও ক্রমে অটোতে তুলে নিয়ে যাওয়া হয় বারুইপুর মহকুমা হাসপাতালে। এই প্রসঙ্গেই এক শ্রমিক বলেন, প্রথম অর্ধে সকাল ৬টা দুপুর ১ টা পর্যন্ত ডিউটিতে ১৭-১৮ জন শ্রমিক কাজ করছিল ওই জায়গায়। বৃষ্টি জল পড়ে সেই কাজের জায়গায়। তখনই ফার্নিশ এর ইটের জায়গা ভেঙে নিচে পড়ে যায় ও সঙ্গে সঙ্গে বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে কারখানা চত্বর।


 অনেকে ছুটে পালাতে পড়ে গিয়েও চোট পায়। অনেকের হাতে, পায়ে আগুন ঠিকরে লাগে। কিন্তু ৪ জন শ্রমিক একেবারে কাছে ছিল বলে  আগুনে পুরো ঝলসে যায়। শ্রমিকদের অভিযোগ, এই ভাবে প্রাণের ঝুঁকি নিয়েই আমাদের প্রতিদিন কাজ করতে হয়। নিরাপত্তার খামতি থেকেই যায়। তবে বিস্ফোরণের ঘটনা এই প্রথম ঘটল কারখানায়। কিভাবে এই দুর্ঘটনা ঘটল তা পুলিশ তদন্ত করে খতিয়ে দেখছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.