এবারের পুজোতে জঙ্গলমহলের পদ্ম পাড়ি দিচ্ছে অস্ট্রেলিয়ায়
দি নিউজ লায়নঃ এবারের পুজোতে জঙ্গলমহলের পদ্ম পাড়ি দিচ্ছে অস্ট্রেলিয়ায়। লালমাটির জেলার শাকসব্জি থেকে ফল, জাতীয় ও আন্তর্জাতিক স্তরে সাফল্যের সঙ্গে অনেক আগেই সুনাম কুড়িয়েছে। এবার ফুলেতেও বেশ কয়েক বছর ধরে বিদেশের মাটিতে সফল বাঁকুড়ার ফুল চাষীরা। গত বছর করোনার জেরে বিদেশের দুর্গা মণ্ডপে পৌঁছতে পারেনি বাঁকুড়ার পদ্ম। তবে এই বছর জঙ্গলমহলের পদ্ম রওনা দেবে অষ্ট্রেলিয়াতে। দেশের পুজো হোক বা বিদেশের পুজো। পূজো মানেই পদ্ম।
বেশ কয়েক বছর আগে বিদেশের দুর্গা মন্ডপে প্রথম যাত্রা শুরু করে বাঁকুড়া জেলার পদ্মফুল। তারপর থেকে ধারাবাহিক ভাবে ভিন দেশে পাড়ি দিচ্ছে বাঁকুড়ার পদ্ম ফুল। গত বছর করোনার জেরে এই রাজ্য ও ভিন রাজ্যের বিভিন্ন মণ্ডপে পদ্ম ফুল গেলেও বিদেশের মণ্ডপে যেতে পারেনি পদ্মফুল। চলতি বছরের পুজোতে অস্ট্রেলিয়া যাচ্ছে বাঁকুড়ার পদ্ম। জেলা উদ্যান পালন বিভাগের সৌজন্যে এক্সপোর্টারদের হাত ধরে জেলার চাষীদের পদ্ম পাঠানো হবে অষ্ট্রেলিয়াতে।
এরই মধ্যে বিদেশ থেকে বিপুল পরিমাণে বরাত এসেছে। আরও অনান্য দেশে পাঠানোর জন্য যোগাযোগ করা হচ্ছে বলেও জানা গেছে। স্থানীয় বাজারের পাশাপাশি কলকাতা সহ পার্শ্ববর্তী জেলা ও রাজ্যে পাঠানো হয় জঙ্গলমহলের পদ্ম। পদ্ম ফুলের রং এবং গঠন ভালো মানের হওয়ার কারণে বিশেষ করে পুজোর মরসুমে বাঁকুড়ার পদ্ম ফুলের ভাল চাহিদা থাকে।

Post a Comment