রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম লুটের ঘটনার কিনারা করল বারুইপুর থানার পুলিশ
দি নিউজ লায়ণঃ :অবশেষে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম লুটের ঘটনার কিনারা করল বারুইপুর থানার পুলিশ। এই ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে লুটের ঘটনায় জড়িয়ে ছিলেন এটিএমটির পরীক্ষা ও সারাই করার দায়িত্বে থাকা একটি সংস্থার ইঞ্জিনিয়ার। শনিবার অভিযুক্ত বাপ্পা মন্ডল নামে সংস্থার ওই ইঞ্জিনিয়ারকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের বাড়ি থেকে নগদ দু'লক্ষ টাকাও উদ্ধার হয়েছে৷ পুলিশ জানিয়েছে, ধৃত বাপ্পা ভাঙড়ের চন্দনেশ্বর এলাকার বাসিন্দা। তবে গত কয়েক বছর আগে স্ত্রীকে নিয়ে সোনারপুরের শীতলা এলাকায় ভাড়া বাড়িতে চলে আসেন তিনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত এপ্রিল মাসের মাঝামাঝি বারুইপুরের রামনগর এলাকায় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম ভেঙে প্রায় ৭ লক্ষ টাকা লুট হয়ে গিয়েছিল। ১৫ এপ্রিল ব্যাঙ্কের তরফে বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য হাতে আসে পুলিশের। জানা যায়, 'ভর্টেকস' নামে একটি সংস্থা এটিএমের সারাই এবং দেখভালের দায়িত্বে ছিল।
সেই সংস্থার ইঞ্জিনিয়ারির হওয়ায় এটিএমের চাবি এবং 'ভল্ট'-এর পাসওয়ার্ড হাতেছিল বাপ্পা মন্ডলের। এরপর লুটের ঘটনাটি ঘটায় পুলিশ বাপ্পার উপর নজর রাখতে শুরু করে। এরমাঝেই শনিবার সোনারপুরের বাড়ি থেকে বাপ্পাকে গ্রেফতার করে পুলিশ। টানা জেরা করার পর অভিযুক্ত নিজের দোষ কবুল করে নিয়েছে বলে দাবি পুলিশের। নিজের দোষ শিকার করে বাপ্পা জানান, তাঁর স্ত্রী অন্তঃসত্ত্বা। চিকিৎসার জন্য প্রচুর টাকার প্রয়োজন। তাই এই কাজ করেছেন তিনি। রবিবার ধৃতকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়।

Post a Comment