ফের বিরোধী শিবিরে ভাঙন, বিজেপি সিপিএম নেতা-কর্মীর তৃণমূলে যোগ
দি নিউজ লায়ণঃ বিধানসভা নির্বাচনের পর থেকেই বিরোধী শিবিরে হতাশা গ্রাস করছে। আর তার জেরে প্রতিদিন হাজারে হাজারে বিরোধী দলের কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করছে। এর ফলে ইতিমধ্যে হাওড়া গ্রামীণ জেলায় একাধিক গ্রাম পঞ্চায়েত বিজেপির হাতছাড়া হয়েছে। সেই রকম রবিবার রাতে উদয়নারায়ণপুরের খোসালপুরে এক অনুষ্ঠানে ৫০০ বিজেপি নেতা কর্মী সমর্থক তৃণমূলে যোগ দিল। এদিন দলে যোগ দেওয়া কর্মী সমর্থকদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল কংগ্রেসের হাওড়া গ্রামীণ জেলার চেয়ারম্যান তথা উদয়নারায়নপুরের বিধায়ক সমীর পাঁজা।
অন্যদিকে এদিন রাতে উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রের আমতা সিরাজবাটি অঞ্চলে ২৫০ বিজেপি সিপিএম নেতা-কর্মী-সমর্থক তৃণমূলে যোগ দিল। এদিন দলে যোগ দেওয়া কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ডাঃ নির্মল মাজি। প্রসঙ্গত এর আগে উলুবেড়িয়া দক্ষিণ, উলুবেড়িয়া উত্তর, শ্যামপুর, বাগনান, আমতা, পাঁচলার পাশাপাশি উদয়নারায়নপুরেও বিরোধী রাজনৈতিক দলের একাধিক নেতাকর্মী তৃণমূলে যোগদান করেছিল। এদিন বিরোধী দল থেকে তৃণমূলে যোগ দেওয়া প্রসঙ্গে দুই বিধায়ক জানান বিধানসভা নির্বাচনের পর থেকেই এইসব কর্মীরা তৃণমূলে যোগ দেওয়ার জন্য আবেদন করেছিল। আজ এদের দলে নেওয়া হল।

Post a Comment