ঠিকাদারকে অপহরণের ৭২ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত, ৩ গ্রেপ্তার
দি নিউজ লায়নঃ বারুইপুরের কুলপি রোড থেকে এক রাজমিস্ত্রীদের ঠিকাদারকে অটোতে তুলে অপহরনের অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ, ২ লক্ষ টাকা মুক্তিপন চেয়ে ফোন করে অপহরণকারীরা। তা না দিলে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। জয়নগর থানায় অভিযোগ দায়ের হতেই ৭২ ঘন্টার মধ্যে মগরাহাট থেকে অপহৃতকে উদ্ধার করল জয়নগর থানার পুলিশ। একই সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে ৩ অপহরণকারীকে। ধৃতদের নাম অলোক মণ্ডল, নারায়ন চন্দ্র মাইতি, প্রদুত নস্কর। বাড়ি বিষ্ণুপুর, বারুইপুর, জয়নগর থানা এলাকায়।
এদেরকে রবিবার দুপুরে বারুইপুর আদালতে তোলা হলে বিচারক পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। জয়নগরের দক্ষিন বারাসাত রায়নগর রথতলা এলাকার বাসিন্দা অসীম নাইয়া। তার আদি বাড়ি ঢোলা হাট থানা এলাকায়। গত ২ সেপ্টেম্বর অসীমবাবু কৃষ্ণমোহন স্টেশনে যান। সেখান থেকে তার পিয়ালিতে যাওয়ার কথা ছিল। অভিযোগ, কুলপি রোডে তাকে তিনজন দুষ্কৃতী অপহরণ করে একটা অটোতে নিয়ে গিয়ে তোলে। তার মুখে কালো কাপড় বেঁধে দেয়। ওই দিনই সন্ধ্যায় তার বাড়িতে ছেলের ফোনে অপহরণকারীরা ফোন করে ২ লক্ষ টাকা মুক্তিপন চায়।
এমনকি কথা কাউকে জানালে তাকে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। এরপরেই ৩ সেপ্টেম্বর জয়নগর থানায় তার ছেলে অভিযোগ দায়ের করে। এরপরেই পুলিশ মোবাইল ট্রাক করে ও গোপন সুত্রে খবর পেয়ে শনিবার রাতে মগরাহাটের এক পরিত্যক্ত বাড়ি থেকে তাকে উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, ঢোলাহাটে প্রচুর জমি মাছে ভেড়ি আছে অসীমবাবুর। মুলত টাকা পয়সা জনিত লেনদেনের কারনে এই অপহরন বলে পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান।

Post a Comment