হাওড়ায় BJP সাংগঠনিক বৈঠক চলাকালীন দুপক্ষের সংঘর্ষ - The News Lion

হাওড়ায় BJP সাংগঠনিক বৈঠক চলাকালীন দুপক্ষের সংঘর্ষ

 


দি নিউজ লায়নঃ  হাওড়া সদরে ভাজপার সাংগঠনিক বৈঠক চলাকালীন দলের কয়েকজন সদস্যের উপর নিগ্রহের অভিযোগ উঠল দলের অন‍্য গোষ্ঠীর বিরুদ্ধে। ওই ঘটনায় সরাসরি অভিযোগ উঠেছে হাওড়া সদরের দলেরই শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে। যদিও দলীয় নেতৃত্বে দাবি, এরা দলের কেউ নন। বহিষ্কৃত সদস্য। এরা সেখানে কেন গিয়েছিলেন সেই প্রশ্ন তোলেন দলীয় নেতৃত্ব।বিধানসভা ভোটে হাওড়ায় দলের শোচনীয় ফলাফলের পর ভাজপার  পর্যালোচনা বৈঠক ঘিরে বুধবার ওই ঘটনা ঘটে। 


সাংগঠনিক ব্যর্থতা কাটিয়ে উঠতে উত্তর হাওড়ায় বুধবার ওই বৈঠকের আয়োজন করেছিল ভাজপা শিবির। সেখানেই মারধরের অভিযোগ ওঠে। ঘটনায় কয়েকজন জখম হন। তাঁদের মধ্যে একজন হাওড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় দলের জেলা সদর নেতৃত্বের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ২০২১এর বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে বিভিন্ন বিধানসভা এলাকায় নির্বাচনী ফলাফলকে কেন্দ্র করে পর্যালোচনা বৈঠক চলছে বিজেপির। ১৫ সেপ্টেম্বর বুধবার উত্তর হাওড়া বিধানসভা এলাকায়  বিজেপির ১নম্বর মন্ডলের সেই সাংগঠনিক সভা চলাকালীন ওই ঘটনা ঘটে।


 আক্রান্তদের অভিযোগ, তাঁরা সেই সভায় আমন্ত্রিত ছিলেন। সেই সাংগঠনিক সভায় তাঁরা যখন অংশগ্রহণ  করেন এবং তাঁদের অভিমত প্রকাশ করে বক্তব্য রাখছিলেন সেই সময় দলীয় নেতৃত্বের সামনেই তাঁদের উপরে ওই হামলা চালানো হয়।  গোলাবাড়ি থানায় বুধবার রাতে অভিযোগ জানানোর পর বৃহস্পতিবার  পুলিশ কমিশনারের কাছেও অভিযোগ জানানো হয়েছে বলে জানা গেছে। জেলা সদর বিজেপির সভাপতি সুরজিৎ সাহা জানান, অভিযোগকারীরা দলের কেউ নন। তাই তাঁরা সেখানে কি করতে গিয়েছিলেন সেই প্রশ্নও তোলেন তিনি। যদিও অভিযোগকারীদের বক্তব্য, তাঁদের সেই সভায় আমন্ত্রণ জানানো হয়েছিল  পদাধিকারবলে। তাই তাঁরা সেখানে গিয়ে তাঁদের বক্তব্য রাখতে চেয়েছিলেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.