সামান্য ঘটনা থেকে দুই পাড়ার মধ্যে ব্যাপক অশান্তি, তদন্তে পুলিশ
দি নিউজ লায়নঃ বিরিয়ানির দোকানের সামনে খাবার চাওয়া নিয়ে সামান্য ঘটনা থেকে বুধবার রাতের গন্ডগোলের পর বৃহস্পতিবার রাতেও হাওড়ার টিকিয়াপাড়ায় দুই পাড়ার মধ্যে ব্যাপক অশান্তি হয়। রাতের ঘটনায় ইটবৃষ্টি ও বোমাবাজিরও অভিযোগ উঠেছে। তদন্তে হাওড়া থানার পুলিশ। বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ হাওড়ার টিকিয়াপাড়ার বেলিলিয়াস রোডে দুটি পাড়ার মধ্যে ব্যাপক অশান্তি হয়। ঘটনার সময় উভয়পক্ষের মধ্যে ইট ছোঁড়াছুড়ির ঘটনা ঘটে।
বোমাবাজিরও অভিযোগ ওঠে। যদিও বোমাবাজির ঘটনার কোনও প্রমাণ মেলেনি বলে পুলিশ দাবি করেছে। রাতেই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হাওড়া থানার বিশাল পুলিশবাহিনী। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পুলিশ সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে টিকিয়াপাড়ার বেলিলিয়াস রোডে দুই পাড়ার মধ্যে গন্ডগোল হয়। তবে এর আগে বুধবার রাতেও সেখানে একটি গন্ডগোল হয়। ওইদিন এলাকারই একটি বিরিয়ানির দোকানের সামনে খাবার নিয়ে ঝামেলা হয়।
সেখানে একপক্ষের বিরুদ্ধে অন্যদের মারধরেরও অভিযোগ উঠেছিল। সেই ঘটনা মেটাতে গিয়েছিলেন যারা, বৃহস্পতিবার রাতে তাদের সঙ্গে গন্ডগোল বেধে যায়। রাত ১১টা নাগাদ ফের দু'পক্ষের মধ্যে নতুন করে অশান্তি হয়। প্রকাশ্য রাস্তায় একপক্ষ অপরপক্ষকে তাড়া করে। আনুমানিক একশ মিটারের দূরত্বে পাশাপাশি দুই গলির পাড়ার মধ্যে ওই অশান্তি হয়। শুক্রবার সকাল পর্যন্ত হাওড়া থানায় কোনও পক্ষই অভিযোগ দায়ের করেনি। ঘটনায় কেউ গ্রেফতার হয়নি বলে পুলিশ জানিয়েছে।
Post a Comment