সাঁতরাগাছিতে বড়সড় দুর্ঘটনা এড়াল এক্সপ্রেস ট্রেন
দি নিউজ লায়নঃ সাঁতরাগাছিতে বড়সড় দুর্ঘটনা এড়াল এক্সপ্রেস ট্রেন। চালকের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়ায় হাওড়া- ইস্টকোস্ট স্পেশাল। মঙ্গলবার সাঁতরাগাছি স্টেশন ছাড়ার পরেই ঘটে ওই ঘটনা। কারশেডের কাছে মালপত্র ভর্তি ট্রলিতে ধাক্কা মারে ছুটে আসা ট্রেনটি। ট্রলি ছেড়ে পালিয়ে প্রাণে বাঁচেন রেলকর্মীরা। দুর্ঘটনার জেরে আধঘন্টারও বেশি সময় পর ইঞ্জিন বদল করে আবার যাত্রা শুরু করে ইস্টকোস্ট এক্সপ্রেস।রেল সূত্রে জানা গিয়েছে এদিন দুপুরে হাওড়া থেকে হাওড়া- ইস্টকোস্ট স্পেশাল ট্রেন ছেড়েছিল।
সাঁত্রাগাছি লোকো কারশেডের কাছে যখন পৌঁছায় হঠাৎই ট্রেনটি ট্রলিতে সরাসরি ধাক্কা মারে। ট্রলিটি ট্রেনের ইঞ্জিনের ভেতর চলে যায়। এরপর সেই ট্রলিটিকে টানতে টানতে ইঞ্জিন কয়েকশো মিটার টেনে নিয়ে যায়। দুর্ঘটনার আঁচ পেয়ে ট্রেনের চালক ইমার্জেন্সি ব্রেক কষে কোনরকমে ট্রেনটিকে দাঁড় করান। ট্রেন চালকের তৎপরতায় ট্রেনের যাত্রীরা প্রাণ বাঁচেন। দুর্ঘটনার পর যেভাবে ট্রেনটি ঝাঁকুনি দিচ্ছিল এতে যে কোন মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত।
কি করে সিগন্যাল থাকা সত্ত্বেও ট্রলি নিয়ে লাইনে ঢুকলো সেটাই প্রশ্ন উঠছে। পরে সেই ট্রেনটিকে ব্যাক করে নিয়ে আসা হয় সাঁত্রাগাছি স্টেশনে। পরিস্থিতি স্বাভাবিক হলে চার নম্বর প্লাটফর্ম থেকে সেই ট্রেনটিকে আবার ছাড়া হয়। এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই। এই মুহূর্তে ট্রেন চলাচলেরও কোনও অসুবিধা নেই বলে জানান দক্ষিণ পূর্ব রেলওয়ের সিপিআরও নিরজ কুমার।

Post a Comment