তৃণমূলকে বাঁচানোর জন্য মমতাকে পিছনের দরজা দিয়ে মুখ্যমন্ত্রী হতে হচ্ছে, দিলীপ
দি নিউজ লায়নঃ ভবানীপুর উপনির্বাচন নিয়ে রবিবার সকালে রাজ্যের শাসকদলকে বিঁধলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, 'তৃণমূল নন্দীগ্রামেও জিতবে বলেছিল, তারপর ফলাফল দেখা গিয়েছে। যদি এতই দম থাকে তাহলে মন্ত্রীদের পাড়ায় পাড়ায় ঘোরাচ্ছে কেন, বসে থাকুন,মানুষ ভোট দিয়ে দেবেন', এছাড়াও তিনি বলেন, 'বিজেপি জয়ের জন্যই লড়ছে এবং মানুষের কাছে যাবে। মানুষ সিদ্ধান্ত নেবেন।'
এদিন প্রচার নিয়ে দিলীপ ঘোষ বলেন, দল দলের নিয়মে চলে, সংবাদমাধ্যম দিয়ে চলে না। দল ঠিক করেছে কাদের প্রচারে লাগান হবে। বাকিদের কী সমস্যা রয়েছে তা নিয়েও আলোচনা হবে।' অন্যদিকে বিজেপির গোষ্ঠী কোন্দলের জেরেই ইস্তফা দিয়েছেন গুজরাটের মুখ্যমন্ত্রী, তৃণমূলের এহেন মন্তব্যের প্রেক্ষিতে দিলীপ ঘোষ বলেন, 'বিজেপিতে কী চলছে তা নিয়ে তৃণমূলকে মাথা ঘামাতে হবে না।' এরপরই তাঁর কটাক্ষ, 'তৃণমূলকে বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে পিছনের দরজা দিয়ে মুখ্যমন্ত্রী হতে হচ্ছে, জোর করে উপনির্বাচন করাতে হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় ইস্তফা দিয়ে দেখুন দল বাঁচে কি না।'

Post a Comment