বাইক রাখাকে কেন্দ্র করে তুমুল গন্ডগোল দুই প্রতিবেশীর মধ্যে, গ্রেফতার১
দি নিউজ লায়নঃ বাইক রাখাকে কেন্দ্র করে এবং পুরনো জমি বিবাদের জেরে তুমুল গন্ডগোল এবং মারধরের ঘটনা ঘটল প্রতিবেশী দুই পরিবারের মধ্যে। শুধু তাই নয় এক পরিবারের সদস্য অন্য পরিবারের সদস্যদের গায় গরম ভাতের ফ্যান ঢেলে দেওয়ারও অভিযোগ উঠল। এই গন্ডগোলের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বেলুড় থানার পুলিশ।
পুলিশ জানিয়েছে, ধৃতের নাম দেবনাথ দাস (৪৮)। এই মারধরের ঘটনায় উভয়পক্ষের বেশ কয়েকজন জখম হয়েছেন বলেও অভিযোগ। একপক্ষের অভিযোগ, তাদের যাতায়াতের অসুবিধা হওয়ায় বাইক সরাতে বলা হয় ওদের। এই নিয়ে প্রথমে শুরু হয় বচসা। সেই ঝগড়া রূপ নেয় মারপিটে। ভাইকে বাঁচাতে গিয়ে বাড়ির লোকেদের প্রচণ্ড মারধর করা হয়।
গন্ডগোল চলাকালীন গায়ে ভাতের ফ্যান ছুঁড়ে দেওয়া হয়। অপরপক্ষের অভিযোগ, তাঁদের দুটি বাইক ছিল তা সরিয়ে নিয়ে যেতে বলে ওরা। কিছুক্ষণ পর সরিয়ে নিয়ে যাওয়ার কথা বললে ওরা সেই কথা কর্ণপাত করেনি। উপরন্তু জোর করে তা সরানোর জন্য চেষ্টা করে। এই নিয়ে প্রথমে তারাই বচসা শুরু করে। তারপর গালিগালাজ করে। এরপর হঠাৎই মারপিট শুরু করে ওরা। এই ঘটনা প্রসঙ্গে হাওড়া সিটি পুলিশের ডিসি নর্থ অনুপম সিং জানান, বাইক রাখাকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে গন্ডগোল। সেই গন্ডগোলে যুক্ত থাকার অভিযোগে দেবনাথ দাস নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

Post a Comment