করোনা আতঙ্ক কাটিয়ে পুজোয় বেড়ানোর যাবতীয় প্ল্যান সেরে ফেলেছে বাঙালি - The News Lion

করোনা আতঙ্ক কাটিয়ে পুজোয় বেড়ানোর যাবতীয় প্ল্যান সেরে ফেলেছে বাঙালি

 


দি নিউজ লায়নঃ  পুজো মাত্র আর কয়েকটা দিন বাকি। তাঁরই মধ্যে চোখ রাঙাচ্ছে করোনার তৃতীয় ঢেউ। বারবার সাবধানবাণীও শোনাচ্ছেন চিকিৎসকরা। কিন্তু তাতে কী? মহামারীর প্রকোপ সামান্য কমতেই পুজোয় বেড়ানোর যাবতীয় প্ল্যান সেরে ফেলেছে বাঙালি। একটু মনের মতো ঘরের আশা আর ট্রেনে ‘কনফার্মড সিট’। এটুকুই চাওয়া। হোটেল পাওয়া নিয়ে যেমন অনিশ্চয়তা থাকছে, ট্রেনের ক্ষেত্রেও একই অবস্থা। দার্জিলিং মেল, পদাতিক এক্সপ্রেস থেকে শুরু করে রাজধানী বা শতাব্দী ‘স্পেশ্যাল’। পুজোর সময় টিকিট কাটতে গেলে অধিকাংশ ট্রেনেই টিকিট ওয়েটিং লিস্ট  দেখাচ্ছে। ফলে তৃতীয় ঢেউয়ের কারণে যাঁরা আগে থেকে টিকিট কাটেননি বেড়াতে যাওয়ার, তাঁরা পড়েছেন সমস্যায়। দূরপাল্লার বাসগুলিতেও টিকিটের ভালই চাহিদা রয়েছে।


পুজো থেকেই মূলত বেড়াতে যাওয়ার মরশুম শুরু হয়। এবছর প্রচুর মানুষ সিকিমও ঘুরতে যাওয়ার প্যাকেজের খোঁজ করছেন। তবে তিনদিন-দু’রাতের প্যাকেজের চাহিদা সবথেকে বেশি। সুন্দরবন, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামে যাওয়ার আগ্রহ চোখে পড়ার মতো। যে কারণে টুর অ্যান্ড ট্রাভেল এজেন্টদের অফিসেও বার বার খোঁজ চেয়ে ফোন আসছে। বুকিংয়ের স্টেটাসও বেশ ভালই।


পুজো মানেই বাঙালির বেড়াতে যাওয়া। কেউ কেউ তো মহালয়ার দিনই বেরিয়ে পড়েন। আবার কেউ যান পুজোর ছুটির মধ্যে। কেউ দশমীর পর ঘুরতে গিয়ে ছুটি কাটান লক্ষ্মীপুজো পর্যন্ত। অন্যবার এমনই সব দিন গুনে বিভিন্ন প্যাকেজ রাখেন টুর অপারেটররা। গত বছর করোনার প্রকোপে বেড়াতে যাওয়া আর সেভাবে হয়নি বাঙালিদের। তাই যতই করোনার তৃতীয় ঢেউয়ের সতর্কবাণী থাক না কেন, নিজেদের মতো প্ল্যান সেরে ফেলছেন ভ্রমণপ্রেমীরা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.