রাধাকৃষ্ণণের ১৩৪তম জন্মদিবস উপলক্ষে সমগ্র শিক্ষক সমাজের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন অরূপ রায় - The News Lion

রাধাকৃষ্ণণের ১৩৪তম জন্মদিবস উপলক্ষে সমগ্র শিক্ষক সমাজের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন অরূপ রায়

 


দি নিউজ লায়নঃ  ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণের ১৩৪তম জন্মদিবস উপলক্ষে আয়োজিত হাওড়ায় শিক্ষক দিবসের এক অনুষ্ঠানে এসে সমগ্র শিক্ষক সমাজের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন মন্ত্রী অরূপ রায়। রবিবার ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষ্যে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাজ গড়ার কারিগর শিক্ষক-শিক্ষিকাদের সম্মানিত করা হয়। এদিন হাওড়ায় সালকিয়া ঋষি নব জ্যোতি ফাউন্ডেশন সোসাইটির উদ্যোগে সাড়ম্বরে প্রায় শতাধিক প্রবীণ ও নবীন শিক্ষক-শিক্ষিকাদের সম্বর্ধনা জানানো হয়। সোসাইটির সভানেত্রী রাধারাণী দত্ত'র আমন্ত্রণে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়।


 এছাড়াও উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী, প্রাক্তন মেয়র পারিষদ সদস্য তথা আই এফ এ'র সহ সভাপতি শ্যামল মিত্র, প্রাক্তন কাউন্সিলর তথা হাওড়া পুরসভায় পুর প্রশাসকমন্ডলীর সদস্য বাপী মান্না প্রমুখ উপস্থিত ছিলেন ওই অনুষ্ঠানে। এদিন বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী অরূপ রায় বলেন, "শিক্ষার কোনও শেষ নেই। জীবনের শেষদিন পর্যন্ত মানুষ শিক্ষা গ্রহণ করতে পারে। জন্মের পর মা বাবা আমাদের প্রথম শিক্ষক। এরপর শিশু যখন একটু বড়ো হয় তখন স্কুলে শিক্ষকের কাছ থেকেই সে প্রথম পুঁথিগত শিক্ষা লাভ করে। 


এইভাবেই আমরা শিক্ষকের সাহচর্যে বড়ো হই। আজ ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসে সমগ্র শিক্ষক সমাজকে আমার প্রণাম।" এদিন উত্তর হাওড়ার কৃষ্ণা ভবনে শিক্ষক দিবসের ওই অনুষ্ঠানে এসে অরূপ রায় শিক্ষকদের সম্বর্দ্ধনা জানান। তিনি আরও বলেন, "সারা বিশ্বে যেখানেই ভারতীয়রা রয়েছেন, সেখানেই আজকের দিনটি শ্রদ্ধার সঙ্গে পালন করা হচ্ছে। বিশেষ করে পশ্চিমবঙ্গে আজকের দিনটি পালন করা হচ্ছে। প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠানে পালিত হচ্ছে শিক্ষক দিবস। শিক্ষকদের বাড়িতে গিয়েও সম্মান জানানো হচ্ছে।" এদিন হাওড়ার ওই অনুষ্ঠানে ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণের ১৩৪তম জন্মদিবস উপলক্ষে ৬০তম শিক্ষক দিবস পালন ও শিক্ষকদের সম্বর্দ্ধনা জ্ঞাপনের আয়োজন করা হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.