গ্যাস জ্বালানো নিয়ে দুই জা'য়ের বচসায় তুলকালাম
দি নিউজ লায়নঃ বাড়িতে রান্নার গ্যাস জ্বালানো নিয়ে দুই জা'য়ের মধ্যে বচসা। আর তারই জেরে বড় জায়ের ঘুসি মেরে নাক ফাটানোর অভিযোগ উঠলো ছোট জায়ের বিরুদ্ধে। রক্তাক্ত ওই মহিলাকে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। এই ঘটনায় আক্রান্ত মহিলার পরিবার হামলাকারী ছোট বিউটি বিবির বিরুদ্ধে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার মিল্কি গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত গৃহবধূর নাম সাবিলা বিবি (২৪)। পুলিশকে অভিযোগে আক্রান্ত গৃহবধূ সাবিলা বিবি জানিয়েছেন, এদিন সকালে বাড়ির ব্যবহৃত রান্নার সিলিন্ডার দিয়ে গ্যাস লিক করছিল। সেই সময় ছোট যা বিউটি বিবি বারবার রান্নার জন্য ওভেন ধরাবার চেষ্টা করছিলেন। তাকে রান্নার গ্যাস জ্বালাতে নিষেধ করাতেই আমার ওপর চড়াও হয়। ঘুষি মেরে নাক ফাটিয়ে দেওয়া হয় আমার। রক্তাক্ত অবস্থায় আমাকে পরিবারের লোকেরা মেডিকেল কলেজে চিকিৎসার জন্য নিয়ে আসেন। এব্যাপারে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। পুলিশ পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে।
Post a Comment