মনুয়া কান্ডের ছায়া এবার গাইঘাটায়, প্রেমিকের সাথে যোগসাজস করে স্বামীকে খুন
দি নিউজ লায়নঃ মনুয়া কান্ডের ছায়া এবার গাইঘাটায়। প্রেমিকের সাথে যোগসাজস করে স্বামীকে খুন করার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। মৃতের ছেলের অভিযোগের ভিত্তিতে স্ত্রী এবং তার প্রেমিককে গ্রেপ্তার করেছে গাইঘাটা থানার পুলিশ।পুলিশ জানিয়েছে ধৃতরা হল জোহরা বিবি এবং তার প্রেমিক বাবলু সরদার। ধৃতদের বুধবার বনগাঁ আদালতে তোলা হলে ছয় দিনের পুলিশি হেফাজতের নিরদেশ দিয়েছেন বিচারক।
পাশাপাশি এদিনই ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃত আমিনুর মোল্লার দেহ কবর থেকে তুলে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে গাইঘাটা থানার পুলিশ। মৃতের পরিবারের অভিযোগ খাবারের সাথে বিষ মিশিয়ে আমিনুরকে খুন করা হয়েছে।এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গাইঘাটা এলাকায়। পুলিশ এবং পরিবার সূত্রে জানা গেছে, গাইঘাটা থানার সুবিদপুর গ্রামের বাসিন্দা আমিনুর মোল্লা(৪৬) দিন কয়েক আগে জ্বরে আক্রান্ত হন।
দেহের তাপমাত্রা আচমকাই বেড়ে যাওয়ায় গত ৪ সেপ্টেম্বর এম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয়েছিল আমিনুরের। পরিবারের ধারনা হয়েছিল জ্বরে আক্রান্ত হয়েই মৃত্যু হয় তার। এরপর তার দেহ কবরও দেওয়া হয়ে গিয়েছিল।এই পর্যন্ত সব কিছুই স্বাভাবিক ছিল।আমিনুরের মৃত্যুর নিয়ে পরিবারের কারো মনেই সন্দেহ ছিল না।কিন্তু গত ৬ সেপ্টেম্বর বাড়ির একটা অনুষ্ঠানে আমিনুরের ছেলে তার মা জোহরা বিবির মোবাইলের কল রেকর্ড ঘেটে খুনের বিষয়টি জানতে পারেন।
পরিবারের লোকজন জানিয়েছেন সেই ফোনের কল রেকর্ডে বেশ কিছু কথোপকথন তাঁদের সন্দেহজনক মনে হয়। সেখানে আমিনুরের স্ত্রী জোহরা বিবি এবং পাশের গ্রামের যুবক বাবলু সরদারের মধ্যে কথোপকথনের রেকর্ড শুনে বাড়ির লোকেরা বুঝতে পারেন যে, তাদের দুজনের মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। আর তখনই বাড়ির লোকেদের মনে সন্দেহ দানা বাঁধে।এরপর মঙ্গলবার রাতে আমিনুরের ছেলে আরিফ মোল্লা গাইঘাটা থানায় নিজের মা এবং মায়ের প্রেমিকের বিরুদ্ধে বাবাকে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাতেই পুলিশ জোহরা বেবি এবং তার প্রেমিক বাবলু সরদারকে গ্রেপ্তার করে।

Post a Comment