বালিতে সিটি পুলিশের কর্মীদের সম্বর্ধনা
দি নিউজ লায়নঃ মানুষকে ভালো রাখার পিছনে পুলিশের অনেক অবদান আছে। পুলিশ দিবসে বুধবার হাওড়ার বালিতে দুয়ারে সরকার ক্যাম্পে এসে তৃণমূল বিধায়ক ডাঃ রাণা চট্টোপাধ্যায় ওই মন্তব্য করেন। এদিন বালিতে হাওড়া সিটি পুলিশ কর্মীদের সম্বর্ধনা জ্ঞাপন করে তিনি বলেন, পুলিশ কর্মীরা যে নিরলস সার্ভিস দিয়ে চলেছেন তা সত্যিই তারিফযোগ্য। সেই কারণে আমি সকল পুলিশ কর্মীকে শুভেচ্ছা জানাচ্ছি। তিনি বলেন, পুলিশ কর্মীরা একটা টিম হিসেবে কাজ করেন।
পুলিশের কাজে তিনি সন্তুষ্ট। কোভিডের সময় বহু পুলিশ কর্মীর কাজ করতে গিয়ে করোনা সংক্রমণের কারণে প্রাণ গিয়েছে। সুতরাং এই পুলিশ দিবসে প্রত্যেক পুলিশ কর্মীকে স্যালুট জানাই। উল্লেখ্য, রাজ্যের পুলিশ কর্মীদের সম্মান দিতে ১ সেপ্টেম্বর বাংলায় পুলিশ দিবস পালনের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিশেষ দিনে পুলিশ দিবসে হাওড়ায় পুলিশ কর্মীদের সম্বর্ধনা দেন বালির বিধায়ক। স্বাস্থ্যসাথী থেকে লক্ষ্মীর ভান্ডার এইসব প্রকল্পের সুবিধা নিতে প্রতিদিন যেভাবে মহিলা ও সাধারণ মানুষ ভিড় জমাচ্ছেন দুয়ারে সরকারের শিবিরে তাতে তাঁদের পরিষেবা পেতে সাহায্য করা থেকে শুরু করে সুষ্ঠুভাবে ভিড় সামলানোর মতো কঠিন কাজ পুলিশ কর্মীরা প্রতিদিন করে চলেছেন নিরলসভাবে।
এর পাশাপাশি আইন শৃঙ্খলার গুরুদায়িত্ব পালন ও কোভিড পরিস্থিতিতে দায়িত্ব পালন সবই করে চলেছেন এই পুলিশ কর্মীরাই। বুধবার বালিতে সম্বর্ধনার মধ্য দিয়ে পুলিশের সেই কাজের স্বীকৃতি দেওয়া হলো। অন্যদিকে, এদিন পুলিশ দিবস এবং হাওড়া সিটি পুলিশের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ব্যাঁটরা থানার ওসি দেবব্রত মুখোপাধ্যায়ের উদ্যোগে হাওড়ার ডনবসকো অ্যাসয়লাম, নবজীবন হাসপাতাল ও সেন্ট থমাস যক্ষ্মা হাসপাতালে ফল বিতরণ করা হয়।

Post a Comment