বিদ্যুৎ-এর বাসভবনে হঠাৎ অ্যাম্বুলেন্স , উপাচার্য অসুস্থতার নাটক করছেন বলে অভিযোগ পড়ুয়াদের
দি নিউজ লায়নঃ ষষ্ঠ দিনে পড়ল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের আন্দোলন। ইতিমধ্যে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ঘেরাও মুক্ত হবার জন্য নানা ধরনের ফন্দিফিকির করছেন। এমনটাই দাবি আন্দোলনরত ছাত্রছাত্রীদের। বৃহস্পতিবার বিকেলে আচমকা অ্যাম্বুলেন্সে করে উপাচার্যের বাড়ির সামনে হাজির হয় চিকিৎসকের একটি দল। সাথে সাথে আন্দোলনরত পড়ুয়ারা উপাচার্যের বাসভবনের ভেতরে যেতে বাধা দেয়, চিকিৎসক দলটির নেতৃত্বে থাকা এক চিকিৎসক অরিন্দম চ্যাটার্জির কাছে ছাত্ররা জানতে চায় কি হয়েছে যাতে তারা অ্যাম্বুলেন্স নিয়ে চলে এসেছে উপাচার্যের বাসভবনে।
চিকিৎসক অরিন্দম চ্যাটার্জি জানায় , দুপুরে প্রশাসনের তরফে তাদেরকে জানানো হয় বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী অসুস্থ বোধ করছেন , তাই তার শারীরিক পরীক্ষার প্রয়োজন। এরপর আন্দোলনরত পড়ুয়ারা দাবি করে বাসভবনের ভেতরে অ্যাম্বুলেন্স ঢুকতে দেওয়া যাবে না , পায়ে হেঁটে উপাচার্যের বাসভবনের ভেতরে যেতে পারেন চিকিৎসকের দল কিন্তু সে ক্ষেত্রে আন্দোলনরত পড়ুয়াদের মধ্য থেকে দু'জন পড়ুয়া চিকিৎসকের দলের সাথে উপাচার্যের বাসভবনের ভেতরে প্রবেশ করবে। চিকিৎসকের দলটি আন্দোলনরত ছাত্রছাত্রীদের প্রস্তাবে রাজি হলেও উপাচার্যের বাসভবনের দায়িত্বে থাকা বিশ্বভারতীর নিরাপত্তাকর্মীরা ছাত্র-ছাত্রীদেরকে ঢুকতে বাধা দেয় উপাচার্যের বাসভবনে। নিরাপত্তা কর্মীরা জানিয়ে দেয় উপাচার্যের পরিষ্কার নির্দেশ আছে তার বাসভবনে কোন ছাত্র ছাত্রীদের ঢুকতে দেওয়া যাবে না। এরপর ক্ষোভে ফেটে পড়ে ছাত্রছাত্রীরা।
উপাচার্যের বাড়িতে ঢুকতে বাধা দেয় চিকিৎসক দলটিকে। বাধ্য হয়ে উপাচার্যের শারীরিক পরীক্ষা না করে তারা ফিরে যায়। ছাত্র-ছাত্রীদের দাবি সুস্থ থাকলে আমাদের তরফ থেকে দুজন প্রতিনিধি চিকিৎসক দলটির সাথে উপাচার্যের শারীরিক পরীক্ষার সময় উপস্থিত থাকলে অসুবিধা কোথায় ? আসলে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী শারীরিক অসুস্থতার অজুহাতে বিশ্বভারতী ছেড়ে পালিয়ে যেতে চাইছে। কিন্তু আমরা সেটা হতে দেব না। যতদিন তিন পড়ুয়ার বহিষ্কারের সিদ্ধান্ত উপাচার্য ফিরিয়ে না নিচ্ছেন ততদিন ওনাকে ঘেরাও করে রাখা হবে।

Post a Comment