নকল এটি এম কার্ড সহ গ্রেফতার এক এ টি এম জালিয়াত - The News Lion

নকল এটি এম কার্ড সহ গ্রেফতার এক এ টি এম জালিয়াত

 


দি নিউজ লায়নঃ   বারুইপুর, সোনারপুর, মগরাহাট থানা এলাকায় এটি এম জালিয়াতি বাড়ছিল। নকল এটি এম কার্ড ধরিয়ে দিয়ে আসল এ টি এম কার্ড থেকে দেড় লক্ষ টাকা হাতানোর অভিযোগে গ্রেপ্তার হল মূল অভিযুক্ত। বারুইপুর থানার পুলিশ ঘুটিয়ারি শরীফ ফাঁড়ি এলাকার পথের শেষ এলাকা থেকে বৃহস্পতিবার রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে উদ্ধার দুটি দামী মোবাইল ফোন, ১২টি নকল এ টি এম কার্ড, ২০ হাজার টাকা। 


বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিত বসু বলেন, ধৃতের নাম অমিয় নাইয়া। বাড়ি জীবনতলা থানার বাঁশড়া এলাকায়। গত ২০ জুলাই বাঁশড়া এলাকার বাসিন্দা কৃষ্ণ কান্ত হালদার বেলেগাছি এলাকার এক এটি এম কাউন্টার থেকে টাকা তুলতে যান। তাঁকে সাহায্য করার অছিলায় তাঁর কাছ থেকে পিন নম্বর জেনে নকল এ টি এম কার্ড তাঁর হাতে ধরিয়ে দিয়ে চম্পট দেয় অভিযুক্ত। এরপরে ২১ জুলাই কৃষ্ণকান্ত বাবু দেখেন ব্যাঙ্ক থেকে দু দফায় ১ লক্ষ ৩১ হাজার টাকা তুলে নিয়েছে অভিযুক্ত। 


২৪ জুলাই তিনি বারুইপুর থানায় অভিযোগ করেন। এরপরে বারুইপুর থানার পুলিশ তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ জোগাড় করে। সেই ভিত্তিতে তথ্য জোগাড় করে তদন্ত চালিয়ে পুলিশ রাতে অভিযুক্তকে ধরে। অভিযুক্ত ওই টাকা দিয়ে দুটি দামী মোবাইলও কিনেছিল।তাকে পুলিশ হেফাজতে নিয়ে এর পিছনে আর কারা জড়িত তা পুলিশ তদন্ত করে দেখছে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.