সাংবাদিকে বাড়িতে না পেয়ে আত্মীয়কেই খুন করল তালিবান
দি নিউজ লায়ন; সাংবাদিকে বাড়িতে না পেয়ে আত্মীয়কেই খুন করল তালিবান। তালিবান নাকি অনেক নমনীয়। আফগানিস্তানে নতুন করে ক্ষমতা দখল করার পরে তালিবান নাকি আর আগের মূর্তি ধারণ করবে না বলে শোনা গিয়েছিল। কিন্তু সেসব যে নেহাতই কথার কথা ছিল, তা ক্রমশই পরিষ্কার হয়ে যাচ্ছে। এর আগেও বোরখা না পরায় এক মহিলাকে গুলি করার কথা জানা গিয়েছিল। এছাড়াও আরও নানা তালিবানি কীর্তি সামনে এসেছিল। বৃহস্পতিবার ই জানা গেল আরেক নারকীয় কাণ্ডের কথা। এক সাংবাদিককে মারতে তাঁর বাড়িতে চড়াও হয়েছিল তালিবান।
জার্মান সংবাদমাধ্যম ডয়েশ ভেলের (DW) এক সাংবাদিকের বাড়ি হানা দিয়েছিল তালিবান। কিন্তু সাংবাদিককে না পেয়ে তাঁর এক আত্মীয়কেই গুলি করে হত্যা করে তারা। তাদের গুলিতে গুরুতর জখম হন আরেক জন। বাকিরা কোনও মতে পালিয়ে বাঁচেন।ডয়েশ ভেলের ডিরেক্টর জেনারেল পিটার লিম্বর্গ এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করে আফগানিস্তানে এই মুহূর্তে সংবাদমাধ্যম কর্মীরা কতটা ঝুঁকির মধ্যে রয়েছেন সেবিষয়ে আশঙ্কা প্রকাশ করেন।তাঁর কথায়, ”যেভাবে তালিবান আমাদের এক অন্যতম সম্পাদকের নিকটাত্মীয়কে খুন করল তা অকল্পনীয় মর্মান্তিক।
আফগানিস্তানে আমাদের সমস্ত কর্মীদের পরিবার কতটা বিপন্ন অবস্থায় রয়েছে তা এই ঘটনা থেকে স্পষ্ট। ডয়েশ ও অন্যান্য জার্মান সংবাদমাধ্যম তাদের সংস্থার যে কর্মীরা আফগানিস্তানে রয়েছেন তাঁদের সুরক্ষার ব্যাপারে পদক্ষেপ করার জন্য জার্মানির সরকারের কাছে আরজি জানিয়েছেন।গত তিন মাসে তালিবানের হানায় বহু সাংবাদিকের মৃত্যু হয়েছে। এর মধ্যে অন্যতম ভারতীয় সাংবাদিক দানিশ সিদ্দিকি । এছাড়াও মহিলা সাংবাদিকদের ইতিমধ্যেই হুমকি দেওয়া হয়েছে আর অফিসে না আসতে। সব মিলিয়ে ক্রমেই পরিষ্কার হয়ে যাচ্ছে তালিবানের উদ্দেশ্য।

Post a Comment