বিক্ষোভের মুখে তৃণমূলের পূর্ত কার্য কর্মাধ্যক্ষ
দি নিউজ লায়ন; জল যন্ত্রণার দুর্ভোগ নিয়ে মানুষের সমস্যার কথা জানতে এসে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়তে হলো তৃণমূলের পূর্ত কার্য কর্মাধ্যক্ষকে। এই ঘটনা নিয়ে ব্যাপক বিক্ষোভ পথ অবরোধ হলো হাওড়ার লিলুয়ায়। পঞ্চায়েত সমিতির ওই কর্মাধ্যক্ষকে ঘিরে মঙ্গলবার দুপুরে ব্যাপক বিক্ষোভ হয় সেখানে। রাস্তা অবরোধও করা হয়। বৃষ্টির জমা জল না সরার ঘটনাকে কেন্দ্র করে এদিনের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে লিলুয়ার একসরা এলাকায়।
এদিন একসরায় পশ্চিম জলার মাঠ এলাকা পরিদর্শনে এসেছিলেন বালি জগাছা পঞ্চায়েত সমিতির তৃণমূলের পূর্ত কার্য কর্মাধ্যক্ষ সুভাষ রায়। তিনি মানুষের সমস্যার কথা শুনছিলেন। সে সময় জমা জল নিয়ে জানাতে গিয়ে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় কিছু মানুষ। এরপর রীতিমতো ধাক্কাধাক্কি শুরু হয়। এই খবর ছড়িয়ে পড়তেই সেখানে ছুটে আসেন ওই নেতার অনুগামী দলের কর্মীরাও।
ঘটনার প্রতিবাদে ওই নেতার অনুগামী দলের কর্মীরা সেখানে রাস্তা অবরোধ শুরু করেন। কোনা হাইরোডে বেশ কিছুক্ষণ অবরোধ হয়। লিলুয়া থানার পুলিশ এসে অবরোধ তোলে। জানা গেছে, জল জমার সমস্যা নিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে উনি যখন কথা বলছিলেন, তখনই কিছু লোক উত্তেজিত হয়ে তাঁর সঙ্গে ধাক্কাধাক্কির চেষ্টা করে। প্রতিবাদে রাস্তা অবরোধ শুরু হয়। পুলিশ ছুটে আসে। আসে র্যাফ। এরপর ধীরে ধীরে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

Post a Comment