মানকানালি পঞ্চায়েতে অনাস্থা পাস - The News Lion

মানকানালি পঞ্চায়েতে অনাস্থা পাস

 


দি  নিউজ লায়ন; ভাজপা পরিচালিত পঞ্চায়েতের প্রধান ও উপ প্রধানের বিরুদ্ধে স্বেচ্ছাচার চালানো ও দুর্নীতির অভিযোগ তুলে আগেই তৃণমূলে যোগ দিয়েছিলেন বিজেপি থেকে নির্বাচিত দুই সদস্যা । এবার প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে তাঁরা ভোট দিলেন প্রধানের বিপক্ষেই । ফলে বাঁকুড়া দু’নম্বর ব্লকের মানকানালি গ্রাম পঞ্চায়েতেও সংখ্যালঘু হয়ে পড়ল বিজেপি । আজ ওই পঞ্চায়েতের অনাস্থা ভোটে বিজেপির প্রধানের পক্ষে ভোট পড়ে ৬ টি । বিপক্ষে ৯ টি ভোট পড়ায় স্বাভাবিক ভাবেই উল্লসিত তৃনমূল শিবির । গত পঞ্চায়েত নির্বাচনে মানকানালি গ্রাম পঞ্চায়েতের পনেরোটি আসনের মধ্যে বিজেপি আটটি ও তৃনমূল সাতটি আসনে জয়লাভ করে । 


সংখ্যাগরিষ্ঠ থাকায় বিজেপি পঞ্চায়েত গঠন করে । কিন্তু প্রথম থেকেই বিজেপির প্রধান ও উপ প্রধানের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে সরব হতে দেখা যায় বিজেপির নির্বাচিত সদস্যদের একাংশকে । সম্প্রতি বিজেপি থেকে নির্বাচিত ফুলমনি হেমব্রম ও চিন্তামনী ঘোষ নামের দুই পঞ্চায়েত সদস্যা বিজেপি ছেড়ে তৃণমূল শিবিরে যোগ দেন । এর ফলে ওই গ্রাম পঞ্চায়েতে সংখ্যালঘু হয়ে পড়ে বিজেপি । তৃনমূলের তরফে সম্প্রতি ওই গ্রাম পঞ্চায়েতে অনাস্থা প্রস্তাব আনা হয় । সেই প্রস্তাবের ভিত্তিতেই আজ ভোটাভুটির আয়োজন হয় ওই গ্রাম পঞ্চায়েতে । প্রবল বৃষ্টির মধ্যেই কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে আজ মানকানালি গ্রাম পঞ্চায়েতে অনাস্থার ভোতাভুটি হলে দেখা যায় বিজেপির প্রধানের পক্ষে ভোট পড়েছে ৬ টি । বিপক্ষে পড়েছে ৯ টি । এরপরই স্বাভাবিক ভাবেই উল্লাস ছড়িয়ে পড়ে তৃণমূল শিবিরে ।


 ওই পঞ্চায়েতের তৃনমূল সদস্য তুষার কান্তি আচার্য বলেন, “ এই পঞ্চায়েতে তৃনমূলের বোর্ড গঠন এখন শুধু সময়ের অপেক্ষা । আগামীদিনে এই গ্রাম পঞ্চায়েত নিষ্ঠার সঙ্গে মানুষের উন্নয়নের কাজ করবে” । বিজেপি থেকে সদ্য তৃণমূলে আসা পঞ্চায়েত সদস্যা ফুলমনি হেমব্রম বলেন, “ পঞ্চায়েত প্রধান ও উপ প্রধান আমাদের কথায় গুরুত্ব দিতেন না । কোনো বিষয়ে তাঁরাও আলোচনা করতেন না । নিজেদের ইচ্ছামতো কাজ করতেন । একাধিক আর্থিক দুর্নীতির সঙ্গেও তাঁরা যুক্ত । তদন্ত হলেই বিষয়গুলি বেরিয়ে আসবে । এই সব কারনেই আমরা বিজেপি থেকে বেরিয়ে এসে তৃণমূলের পতাকা কাঁধে তুলে নিয়েছি” ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.