ভেঙে পড়ল রেলের হেরিটেজ সভাঘর Senior Institute-এ'র ছাদ - The News Lion

ভেঙে পড়ল রেলের হেরিটেজ সভাঘর Senior Institute-এ'র ছাদ

 


দি নিউজ লায়নঃ   ভেঙে পড়ল রেলের হেরিটেজ সভাঘর 'সিনিয়র ইনস্টিটিউটে'র ছাদ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ১৯০৬ সালে ঔপনিবেশিক শাসনের স্মৃতিবাহী এই সিনিয়র ইন্সটিটিউট 'নাচঘর' বলেই অধিক পরিচিত ছিল।একসময় রেলের পদস্থ বিদেশী আধিকারিকদের বিনোদন স্থান হিসাবেই পরিচিত ছিল এটি। স্বাধীনতার পর থেকেই রেলের নানা অনুষ্ঠান হত এখানে।


 সাধারণের জন্য কয়েক বছর আগেও বিভিন্ন অনুষ্ঠানেও ভাড়া দেওয়া হত এই সিনিয়র ইন্সটিটিউট। রক্ষণাবেক্ষনের অভাবেই এই দুর্ঘটনা বলে অভিযোগ উঠেছে। এই হেরিটেজ কাঠামোর সংরক্ষণের জন্য কিছুই করা হয়নি বলে অভিযোগ। তবে দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। এ বিষয়ে রাজ্য যুব তৃণমূল কংগ্রেস সম্পাদক তথা প্রাক্তন কাউন্সিলর কৈলাস মিশ্র জানান, সিনিয়র ইনস্টিটিউটের ছাদ ভেঙে পড়েছে। এটা অনেক পুরনো দিনের হলঘর। 


শুধু এই ইনস্টিটিউট নয়,  হাওড়া ডিভিসনের সব কোয়ার্টারগুলোরই অবস্থা খুবই খারাপ। যেকোনও সময়েই ভেঙে পড়তে পারে। এইসব কোয়ার্টারে থাকার জন্য রেল মাসে মাসে টাকা নিলেও কোনও সংস্কার করা হয়না। হাওড়া ডিভিশনের  সব রেলের বিল্ডিং এর যা অবস্থা যে কোনওদিন বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে দাবি তাঁর। বারে বারে রেল কর্তৃপক্ষকে জানানো সত্ত্বেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে কৈলাশবাবুর অভিযোগ। এলাকার বাসিন্দা প্রিয় আচার্য জানান, শুক্রবার  বিকেল নাগাদ যখন বৃষ্টি হচ্ছিল তখনই ওই ঘটনাটি ঘটে। দু'বছর ধরে বন্ধ পড়ে আছে হলটি। 


কোনও অ্যাক্টিভিটি ছিল না এখানে। মূলত রেলের প্রোগ্রাম হতো। এখানে কেউ থাকতেন না। লিলুয়া ওয়ার্কশপের চিফ ওয়ার্কস ম্যানেজার সুমিত নারুলা জানান, এই হলের ছাদ ভেঙে পড়েছে। এটি খুবই দুর্ভাগ্যজনক। মূলত একটা সময় এটি কাজ হলেও পরবর্তীকালে এখানে কোনও সংস্কার হয়নি। ছাদের উপরে ভারী জিনিস থাকার পাশাপাশি বিল্ডিং অনেক পুরনো হওয়ায় এটি ভেঙে পড়েছে। এখানে এর ভিতরে থাকা জিনিসপত্র ক্ষতি হলেও কেউ হতাহত হয়নি। এটি সংস্কার করা হবে। এই বিল্ডিংয়ের যে গরিমা ছিল তা ফিরিয়ে আনার চেষ্টা করা হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.