বহুতলের ছাদ থেকে পড়ে মৃত্যু প্রৌঢ়ের
দি নিউজ লায়নঃ হাওড়ার গোলাবাড়িতে এক প্রৌঢ়ের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। ওই বহুতলের তিনতলার ছাদ থেকে নিচে পড়ে মৃত্যু হয় তাঁর। শনিবার সকালে স্থানীয় ক্ষেত্র মিত্র লেনে ওই ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম তপন সিংহ (৫৮)। রাস্তার ধারেই তিনতলা বাড়ির ছাদ থেকে এদিন তিনি নিচে রাস্তায় পড়েন।
খবর পেয়ে গোলাবাড়ি থানার পুলিশ এসে তাঁকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এরপর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এদিন পুলিশ পরিবারের সদস্যদের সঙ্গেও এই ঘটনা নিয়ে কথা বলেন। এটি নিছকই দুর্ঘটনা, নাকি আত্মহত্যা বা অন্য কোনও ঘটনা পুলিশ তা তদন্ত করে দেখছে। পারিবারিক সূত্রে জানা গেছে, আগামী মাসেই তপনবাবুর মেয়ের বিয়ের তারিখ স্থির ছিল। তার আগে এই মৃত্যুর ঘটনা ভেবে উঠতে পারছে না তপনবাবুর পরিবারও। তবে, এটি আত্মহত্যার ঘটনা হতে পারে বলেও মনে করা হচ্ছে। কি পরিস্থিতিতে এই ঘটনা তা তদন্ত করা হচ্ছে।

Post a Comment