এবার পুলিশের জালে ভুয়ো পরীক্ষার্থী - The News Lion

এবার পুলিশের জালে ভুয়ো পরীক্ষার্থী

 


দি নিউজ লায়নঃ  এবার পুলিশের জালে ভুয়ো পরীক্ষার্থী! ‘এইউএটি  ২০২১ ল্যাটারাল এন্ট্রি ইন বি-টেক ' পরীক্ষা দিতে এসে গ্রেফতার হল এক যুবক। ঘটনাটি ঘটেছে নিউ টাউনের আলিয়া বিশ্ববিদ্যালয়ে। ইতিমধ্যেই তাকে গ্রেফতার করেছে টেকনো সিটি থানার পুলিশ। ধৃত যুবকের নাম শুভম ঘোষাল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়ার বাসিন্দা শুভম টাকার বিনিময়ে মির্জা মহম্মদ মেহবুব নামের এক পরীক্ষার্থীর হয়ে ওই পরীক্ষা দিতে এসেছিল। পুলিশি জেরার মুখে নিজের অপরাধের কথা স্বীকার করেছে ধৃত। তার কাছ থেকে মির্জা মহম্মদ মেহবুবের পরীক্ষার অ্যাডমিট কার্ড সহ সমস্ত নথি উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। শনিবার আরামবাগ শীতলপুরের বাসিন্দা মেহবুবের ‘এইউএটি ২০২১ ল্যাটারাল এন্ট্রি ইন বি-টেক  পরীক্ষা ছিল।


 কিন্তু সে পরীক্ষার জন্য প্রস্তত ছিলো না। অথচ পাশ করা জরুরি! ঘটনাচক্রে মেধাবী ছাত্র শুভম ঘোষালের খোঁজ পেয়েছিল মেহবুব। এরপরেই বাঁকুড়ার বাসিন্দা শুভমের সঙ্গে যোগাযোগ করে সে। মোটা টাকার বিনিময়ে তাঁর হয়ে পরীক্ষা দেওয়ার প্রস্তাব দেয়। শুভমও টাকার জন্য মির্জার হয়ে পরীক্ষায় বসতে রাজি হয়ে যায়। প্রয়োজনীয় সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছিল। তবে শেষরক্ষা হল না। পরীক্ষকদের নজর এড়াতে পারেনি ভুয়ো পরীক্ষার্থী। মির্জা মহম্মদের পরীক্ষার সিট পড়েছিল নিউ টাউনের আলিয়া ইউনিভার্সিটিতে। 


মির্জার নামে সেখানে পৌঁছেছিল শুভম। কিন্তু পরীক্ষা চলাকালীন পরীক্ষকদের সন্দেহ হয়। তাঁরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও পরীক্ষাকেন্দ্রে উপস্থিত টেকনো সিটি থানার পুলিশকর্মীদের জানান। এরপরই মাঝপথে পরীক্ষা থেকে উঠিয়ে শুভমকে জিজ্ঞাসাবাদ শুরু করেন ওই পরীক্ষা কেন্দ্রে থাকা উপস্থিত পুলিশকর্মীরা। অবশেষে নিজের পরিচয় কথা স্বীকার করে নেয় শুভম। আসল পরীক্ষার্থী মির্জা মহম্মদের কথাতেই সে পরীক্ষা দিতে এসেছিল বলে জানায় ধৃত। সাথেসাথে শুভমকে গ্রেফতার করে টেকনো সিটি থানার পুলিশ। 


এ প্রসঙ্গে টেকনো সিটি থানার পুলিশ আধিকারিক জানান, বেশ কিছু টাকার বিনিময়ে শুভম ঘোষাল এই পরীক্ষা দিতে এসেছিল বলে জেরায় জানিয়েছে। শুভম এরকম কাজ আগেও করেছে কিনা বা কোনও চক্র রয়েছে কিনা সে বিষয়ে ধৃতকে জেরা করতে চায় পুলিশ। রবিবার শুভমকে বারাসত আদালতে তোলা হয় এবং টেকনো সিটি থানার পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায়। শুভমের পাশাপাশি মির্জা মহম্মদকেও জেরা করতে চায় টেকনো সিটি থানার পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.