মহিলা শ্রমিকদেরআন্দোলনে পাশে TMC
দি নিউজ লায়নঃ নারায়নপুর এলাকার আঠা তৈরি ফ্যাক্টরিতে প্রতিবাদী বিক্ষোভকারী মহিলা কর্মীদের পাশে দাঁড়ালো তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। গত এক সপ্তাহ ধরে পুরাতন মালদা থানার নারায়নপুর শিল্পাঞ্চল এলাকার একটি আঠা তৈরি এবং প্যাকেজিং ফ্যাক্টরির মহিলা কর্মীরা কারখানা বন্ধ রেখে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে অবস্থান-বিক্ষোভ চালিয়ে আসছিলেন।
অবশেষে শুক্রবার বিক্ষোভকারী ওই মহিলাদের পাশে দাঁড়ালো তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। বিক্ষোভকরী মহিলা কর্মীদের বিভিন্ন বিষয়গুলি প্রাথমিকভাবে জেলার শ্রম দপ্তরের জানানো হয়েছে। বেশকিছু দাবি-দাওয়ার বিষয়গুলি মালিক কর্তৃপক্ষ যাতে মেনে নেয় সে ব্যাপারেও ১৮ আগস্ট চূড়ান্ত একটি বৈঠক করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানা গিয়েছে। বেশ কিছু শর্তসাপেক্ষে আপাতত শুক্রবার বিক্ষোভকারী মহিলারা তাঁদের অবস্থান থেকে সরে আসেন।
তবে ১২ ঘন্টার বদলে প্রতিদিন সকাল ৮ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মোট ৯ ঘণ্টা কাজের কথাও বিক্ষোভকারী মহিলারা সাফ জানিয়ে দিয়েছেন। উল্লেখ্য, পুরাতন মালদা থানার মঙ্গলবাড়ী গ্রাম পঞ্চায়েত এলাকায় রয়েছে নারায়নপুর শিল্পাঞ্চল। গৌড় ফ্লোর মিল প্রাইভেট লিমিটেড নামক ওই ফ্যাক্টরিটি। ওই ফ্যাক্টরি কর্তৃপক্ষের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে সোচ্চার হন মহিলা কর্মীরা। ওই ফ্যাক্টরি সূত্রে জানা গিয়েছে, সেখানে ১৪০ জন মহিলা কর্মরত রয়েছেন। যদিও এ প্রসঙ্গে ওই ফ্যাক্টরি কর্তৃপক্ষ কোনো রকম মন্তব্য করে নি।

Post a Comment