ফের হাতির হানায় ব্যাপক ক্ষয়ক্ষতির বাঁকুড়ায়
দি নিউজ লায়নঃ ফের হাতির হানায় ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটল বাঁকুড়ায় । শুক্রবার ভোরে দলছুট একটি দাঁতাল ঢুকে পড়ে বাঁকুড়া উত্তর বন বিভাগের বৃন্দাবনপুর বীটের সাগরাকাটা বাজারে । সেখানে একের পর এক বেশ কয়েকটি দোকান ভাংচুর করে দোকানের ভেতরে থাকা সর্বস্ব খেয়ে ছড়িয়ে নষ্ট করে হাতিটি । স্থানীয় সূত্রে দাবি শুক্রবার ভোরে হাতির হানায় এলাকার মোট চারটি দোকান ক্ষতিগ্রস্থ হয়েছে । হাতিটি এই এলাকায় যাতায়াতের পথে বিস্তীর্ণ এলাকার ধান জমি মাড়িয়ে দেওয়ায় ফসলের বিপুল ক্ষতি হয়েছে বলে দাবি স্থানীয়দের ।
বন দফতর সূত্রে জানা গেছে গত ১৯ আগষ্ট বাঁকুড়ার সোনামুখী থেকে বিভিন্ন দলে ভাগ হয়ে বারোটি হাতি বৃন্দাবনপুর বীটের জঙ্গল পেরিয়ে ঢুকে পড়ে বড়জোড়া রেঞ্জে । এই বারোটি হাতির মধ্যে তিনটি হাতি দলছুট হয়ে পড়ে । এই তিনটি দলছুট হাতি বিচ্ছিন্ন ভাবে প্রতিদিন খাবারের খোঁজে বারবার লোকালয়ে চলে আসছে । দলছুট সেই একটি দাঁতাল শুক্রবার ভোরে সাগরাকাটা বাজারে ঢুকে পড়ে বলে খবর । ক্ষতিগ্রস্থ স্থানীয় ব্যবসায়ী মহাদেব ঘোষ বলেন, “ দোকানের সার্টার ভেঙে হাতিটি দোকানের ভেতরে রাখা সমস্ত সামগ্রী খেয়ে চম্পট দিয়েছে ।
বন দফতরের কাছে আবেদন জানালে সামান্য ক্ষতিপূরণ পাবো । কিন্তু আমার এই বিপুল ক্ষতি কে পূরণ করবে । আমরা চাই এলাকা থেকে দ্রুত হাতিগুলিকে অন্যত্র সরানোর ব্যাপারে উদ্যোগী হোক বন দফতর” । বাঁকুড়ার বৃন্দাবনপুর বীটের দায়িত্বপ্রাপ্ত বীট অফিসার সনাতন মুর্মূ বলেন, “ ক্ষতিগ্রস্থরা দ্রুত যাতে সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ পান সে ব্যাপারে আমাদের কোনো ত্রুটি নেই । বিভিন্ন কারনে হুলা পার্টি এখন কাজ না করায় এলাকা থেকে হাতি তাড়ানোর ক্ষেত্রে আমাদের সমস্যাইয় পড়তে হচ্ছে । গ্রামবাসীদের হাতি তাড়ানোর দাবি উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হবে” ।

Post a Comment