আসামে বিদ্রোহীদের হামলায় নিহত পাঁচ
দি নিউজ লায়নঃ আসামে বিদ্রোহীদের হামলায় নিহত পাঁচ। গুরুতরভাবে আহত হয়েছেন আরও কয়েকজন। বৃহস্পতিবার রাতে দিমা হাসাও জেলার দিয়ুংব্রা এলাকার নিকটবর্তী হাইওয়েতে কয়েকটি ট্রাকে বিদ্রোহীরা হামলা চালালে হতাহতের এই ঘটনা ঘটে। স্থানীয় বিচ্ছিন্নতাবাদী ও বিদ্রোহী গোষ্ঠী ডিমাসা ন্যাশনাল লিবারেশন আর্মির (ডিএনএলএ) সদস্যরা নৃশংসভাবে হামলাটি চালিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। সূত্র মারফত জানা যাচ্ছে, বৃহস্পতিবার রাতে আসামের দিমা হাসাও জেলার দিয়ুংব্রা এলাকার কাছে হাইওয়েতে কয়লা ও অন্যান্য পণ্য বোঝাই ছয়টি ট্রাকে ডিমাসা ন্যাশনাল লিবারেশন আর্মির সদস্যরা হামলাটি চালিয়েছে। হামলায় পাঁচটি ট্রাকের চালক নিহত হন। ডিএনএলএর সদস্যরাই হামলাটি চালিয়েছেন বলে জানিয়েছে প্রশাসন।
ডিমা হাসাও জেলার পুলিশ সুপার জয়ন্ত সিং বলছেন, সন্ত্রাসীদের হামলার পর ঘটনাস্থল থেকে আগুনে পোড়া পাঁচটি মৃতদেহ উদ্ধার হয়েছে। হামলায় নিহতরা সবাই ট্রাকের চালক। গোয়েন্দা রিপোর্ট অনুসারে- ডিমাসা ন্যাশনাল লিবারেশন আর্মি এই আক্রমণের পেছনে দায়ী। আসাম পুলিশের দাবি, কয়লা ও ছাই বোঝাই এই ট্রাকগুলো উমরাংসো থেকে লঙ্কার দিকে যাচ্ছিল। মূলত সে সময়ই সন্দেহভাজন সন্ত্রাসীরা প্রথমে বেশ কয়েকটি ট্রাককে দাঁড় করায়। তারপর সেগুলোতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়।
এ ছাড়া পরিস্থিতি বুঝতে পেরে তিনটি ট্রাক হামলাকারীদের কবল থেকে পালিয়ে যায়। ফলে ওই ট্রাকগুলোর চালক ও সহকারীরা নিরাপদে রয়েছেন। অভিযুক্তদের খুঁজতে পাহাড়ি এলাকায় তল্লাশি চালানো হচ্ছে বলেও জানায় পুলিশ। উল্লেখ, স্বাধীন ও সার্বভৌম ডিমাসা রাষ্ট্রের দাবিতে ২০১৯ সাল থেকে আন্দোলন চালাচ্ছে ডিমাসা ন্যাশনাল লিবারেশন আর্মি। ব্রহ্মপুত্র নদের উপত্যকার প্রাচীন জনগোষ্ঠী বলেই পরিচিত এই ডিমাসারা। বর্তমানে দিমা হাসাও, তাছাড়, নওগাঁও, কারবি এবং নাগাল্যান্ডের কয়েকটি অংশে বসবাস রয়েছে তাদের।

Post a Comment