পরীমণির সাথে জড়িত অনেক ভিআইপিদের নাম পেয়েছে সিআইডি
দি নিউজ লায়ন; পরীমণি, কথিত মডেল পিয়াসা, মৌ, প্রযোজক রাজ, হেলেনা জাহাঙ্গীর ও মিশুর বিরুদ্ধে মামলা তদন্ত করছে সিআইডি। গতকাল তাদের প্রত্যেকের বাড়িতে তল্লাশি অভিযানে অনেক সম্পদ জব্দ করা হয়েছে। তাদের প্রত্যেকের অপরাধ ও অনৈতিক কার্যক্রমের সাথে জড়িত অনেকের নাম জেনেছে সিআইডি। রোববার (৮ আগস্ট) রাজধানীর মালিবাগে সিআইডি কার্যালয়ে সাংবাদিকদের একথা বলেন অতিরিক্ত ডিআইজি ওমর ফারুক।
সম্প্রতি গ্রেফতার আওয়ামী মহিলা লীগের উপ-কমিটি থেকে বহিষ্কার হওয়া হেলেনা জাহাঙ্গীর, আলোচিত নায়িকা পরীমণি, কথিত মডেল ফারিয়া মাহাবুব পিয়াসা, মরিয়ম আক্তার মৌ, প্রযোজক নজরুল ইসলাম রাজ ও শরিফুল হাসান মিশুর বিরুদ্ধে দায়ের করা মামলা তদন্ত করছে সিআইডি। শেখ ওমর ফারুক বলেন, আমরা গতকাল একসাথে ছয়জন মূল আসামির বাসায় তল্লাশী অভিযান পরিচালনা করেছি। কিছু আলামত ও ডিভাইস উদ্ধার করেছি। ল্যাপটপ, ডেস্কটপ পাসপোর্ট, মোবাইল, হার্ডডিস্ক ও ফেরারি গাড়ী জব্দ করেছি।
তদন্তের অংশ হিসেবে এই তল্লাশী অভিযান। তিনি বলেন, আমরা পরীমণি পিয়াসা, মৌ রাজসহ প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করেছি। আমরা জব্দ করা সম্পদ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেছি। তদন্তের এ পর্যায়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্যও আমরা পেয়েছি। তবে এখন তা বলা সম্ভব হচ্ছে না। তাদের প্রতারণা, অনৈতিক কার্যক্রম ও ব্লাকমেইলিং এর মতো অপকর্মের সাথে জড়িত নানা পেশার অনেক নাম আমরা জেনেছি। তবে তা আমরা যাচাই বাছাই করছি।

Post a Comment