ট্রাফিক গার্ডের উদ্যোগে উদ্ধার ঝাড়খন্ডের দম্পতির হারানো টাকার ব্যাগ
দি নিউজ লায়নঃ হাওড়া স্টেশন থেকে অ্যাপ নির্ভর ট্যাক্সিতে উঠে গাড়ির মধ্যেই টাকার ব্যাগ ফেলে রেখে কেস্টপুরে নেমে গিয়েছিলেন ঝাড়খন্ডের দম্পতি। পরে হাওড়া রেলওয়ে স্টেশন ট্রাফিক গার্ডের অফিসে অভিযোগ দায়ের করেন তাঁরা। হাওড়া রেলওয়ে স্টেশন ট্রাফিক গার্ডের উদ্যোগে শেষপর্যন্ত সেই টাকার ব্যাগ ও অন্যান্য জিনিসপত্র ফিরে পেয়েছেন তাঁরা। গত রবিবার ছেলের সঙ্গে দেখা করতে সুদূর ঝাড়খন্ড থেকে হাওড়া স্টেশনে এসেছিলেন ওই দম্পতি।
হাওড়া স্টেশন থেকে অ্যাপ নির্ভর ট্যাক্সিতে করে কলকাতার কেষ্টপুরে গিয়েছিলেন তাঁরা। ট্যাক্সি থেকে নামার পর মুনেশ্বর রানা লক্ষ্য করেন তাঁর স্ত্রীর একটি ব্যাগ ট্যাক্সিতে ফেলে তাঁরা নেমে পড়েছেন। সেই ব্যাগে ছিল প্রায় ১০ হাজার টাকা, দুটি দামি মোবাইল সেট, এটিএম কার্ড প্রভৃতি। এই পরিস্থিতিতে তাঁরা পরদিন হাওড়া রেলওয়ে স্টেশন ট্রাফিক গার্ডের অফিসে অভিযোগ করেন। এরপর লিখিত অভিযোগ পেয়েই পুলিশ তদন্ত শুরু করে। সিসিটিভির ফুটেজ দেখে ট্যাক্সি চালককে প্রথমে সনাক্ত করা হয়। পরে ট্যাক্সি চালক সেই ব্যাগ ফেরত দেন। এরপর সেই ব্যাগ ঝাড়খন্ডের ওই পরিবারের হাতে পুলিশ তুলে দেয়।

Post a Comment