দীর্ঘ ২১ বছরের সম্পর্ককে ছিন্ন করে আজ বার্সেলোনাকে আনুষ্ঠানিক বিদায় জানাল মেসি - The News Lion

দীর্ঘ ২১ বছরের সম্পর্ককে ছিন্ন করে আজ বার্সেলোনাকে আনুষ্ঠানিক বিদায় জানাল মেসি

 


দি নিউজ লায়নঃ  দীর্ঘ ২১ বছরের সম্পর্ককে ছিন্ন করে আজ বার্সেলোনাকে আনুষ্ঠানিক বিদায় জানিয়ে দিলেন রেকর্ড ছয় বারের বর্ষসেরা ফুটবলার লিওনেল মেসি। যে ক্লাবের হাত ধরে মেসি হয়ে উঠেছেন অনন্য, সে ক্লাবে আজ তাঁর শেষ সংবাদ সংবাদ সম্মেলন।      মেসি-বার্সার সম্পর্ক বিচ্ছেদ হয়েছে দুদিন হলো। তবে, এ দুদিনে গণমাধ্যমে ঝড় গেলেও নীরব ছিলেন মেসি। বিদায় নিয়ে কোনো কথাই বলেননি। আজ সব নীরবতা ভেঙে সংবাদ সম্মেলনে আসবেন ক্লাবটির হয়ে সর্বাধিক ম্যাচ খেলা আর্জেন্টাইন তারকা।  


 মেসির বিদায় নেওয়ার খবর এক বিবৃতি দিয়ে জানিয়েছে বার্সা। সেইসঙ্গে সংবাদ সম্মেলনও করেছেন বার্সা সভাপতি হোয়ান লাপোর্তা। খোলাসা করেছেন কেন মেসির সঙ্গে চুক্তি নবায়ন করতে পারেননি তারা। আজ মেসিও জানাবেন ন্যু-ক্যাম্প নিয়ে নিজের স্মৃতির কথা। মেসির শেষ সংবাদ সম্মেলন প্রচারিত হবে বার্সা টিভিতে।  এরই মধ্যে কাতালান শহরে বন্ধুদের নিয়ে বিদায়ী পার্টি করেছেন মেসি। পার্টিতে ছিলেন নিজের সতীর্থরা। 


ছিলেন সার্জিও আগুয়েরো, জেরার্ড পিকেসহ অনেকেই।  বার্সেলোনার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় গত ১ জুলাই থেকে ‘ফ্রি এজেন্ট’ হয়ে যান মেসি। লম্বা সময় ধরে আলোচনার পর গত বৃহস্পতিবার রাতে বার্সেলোনা এক বিবৃতিতে জানায়, লা লিগার ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে’র নিয়মের বাধার কারণে তাদের পক্ষে মেসির সঙ্গে চুক্তি করা সম্ভব হয়নি। 


 বিবৃতিতে বার্সা জানিয়েছে, ‘বার্সা এবং লিও মেসির মধ্যে সম্মতি এবং দুই পক্ষের মধ্যে আজ চুক্তি স্বাক্ষর করার পরিষ্কার ইচ্ছা থাকা সত্ত্বেও (স্প্যানিশ লা লিগার নিয়মে আরোপ করা) আর্থিক ও কাঠামোগত প্রতিবন্ধকতার কারণে দুই পক্ষের এই সম্মতিকে আনুষ্ঠানিক রূপ দেওয়া সম্ভব হচ্ছে না।’  মূলত আর্থিক সমস্যা আর লা লিগার নিয়ম জটিলতার কারণেই ছিন্ন হচ্ছে দুপক্ষের সম্পর্ক। শেষ দিকে দুপক্ষের ইচ্ছে থাকা সত্ত্বেও প্রিয় ক্লাবে আর থাকা হচ্ছে না ক্লাবটির ইতিহাসের রেকর্ড শিরোপাজয়ী ও রেকর্ড গোলদাতার।  ক্লাবটির ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ফুটবলার মেসি। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.