মেদিনীপুরের দুই জায়গায় দুষ্কৃতীদের গুলি
দি নিউজ লায়নঃ শনিবার রাত্রি প্রায় সাড়ে আটটা নাগাদ মেদিনীপুর শহরের পদ্মাবতী শ্মশানঘাট সংলগ্ন মহাতাব পুর এলাকায় ও মেদিনীপুর শহরের ধর্মা এলাকায় দুষ্কৃতীরা গুলি চালায় বলে জানা যায় ।মেদিনীপুর শহরের ধর্মা এলাকায় দুষ্কৃতীরা দুই রাউন্ড গুলি চালায় এবং পদ্মাবতী শ্মশানঘাট সংলগ্ন মহাতাবপুরএলাকায় রাজ্য সড়কের উপর বেশ কয়েক রাউন্ড গুলি চালায় বলে স্থানীয় বাসিন্দারা জানান। এলাকার ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা বলেন দুটি বাইকে চার জন দুষ্কৃতি এসে গুলি করতে থাকে। যার ফলে ওই এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে ।
তাই রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছেন ওই এলাকার বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কোতোয়ালি থানার পুলিশ। কারা কি কারণে গুলি চালিয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিশ ।তবে ঠিক একই সময়ে মেদিনীপুর শহরের দুই জায়গায় গুলি চালানোর ঘটনায় মেদিনীপুর শহরে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায় যে শনিবার সন্ধ্যায় দুষ্কৃতীরা এক শ্মশান যাত্রী কে টার্গেট করেছিল। সেই সময় একটি যাত্রীবাহী বাস চলে আসায় অল্পের জন্য সেই ব্যক্তি বেঁচে গেছেন বলে তারা জানান। দুষ্কৃতীরা খড়গপুর ও মেদিনীপুর শহরের ত্রাস বলেও স্থানীয় এক ব্যক্তি জানান। তবে দুষ্কৃতিদের নাম তারা বলতে চাননি। তবে কোতোয়ালি থানার পুলিশ দুই এলাকায় গিয়ে সাধারণ মানুষদের সাথে কথা বলছেন এবং সাধারণ বাসিন্দাদের আতঙ্কিত না হওয়ার আবেদন করেছেন। সেই সঙ্গে পুলিশ ওই দুই জায়গায় গুলি চালানোর ঘটনার তদন্ত শুরু করেছে।তবে দুষ্কৃতিদের গুলিতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

Post a Comment