আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে ২৪ রুশ কূটনীতিককে যুক্তরাষ্ট্র ছাড়তে বলেছে ওয়াশিংটন
দি নিউজ লায়নঃ ভিসার মেয়াদ শেষ হওয়ার পর আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে ২৪ রুশ কূটনীতিককে যুক্তরাষ্ট্র ছাড়তে বলেছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি আন্তোনভ এ তথ্য জানিয়েছেন। ন্যাশনাল ইন্টারেস্ট ম্যাগাজিনে প্রকাশিত এক সাক্ষাৎকারে রোববার রাশিয়ার রাষ্ট্রদূত এ কথা জানান বলে সূত্রের খবর। নির্দিষ্ট কোনো বিষয়ে বিরোধ থেকে যুক্তরাষ্ট্র রাশিয়ার কূটনীতিকদের দেশ ছাড়তে বলেছে কি-না, সাক্ষাৎকারে তা খোলাসা করেননি আনাতোলি আন্তোনভ। ওয়াশিংটন ‘হুট করে ভিসা দেওয়ার পদ্ধতি কঠোর করায়’ বদলি কাউকে আনার আগেই এ কূটনীতিকদের যুক্তরাষ্ট্র ছাড়তে হচ্ছে, জানান তিনি।
রাশিয়ার রাষ্ট্রদূতের এ মন্তব্যের প্রতিক্রিয়ায় সোমবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস বলেছেন, কূটনীতিকদের ভিসাকে ব্যবহার করে মস্কোর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার চিন্তা করেনি ওয়াশিংটন। রুশ রাষ্ট্রদূত কূটনীতিকদের যুক্তরাষ্ট্র ছাড়ার বিষয়টি যেভাবে হাজির করেছেন, তা ‘সঠিক নয়’ বলেও দাবি প্রাইসের। রুশ কূটনীতিকদের যুক্তরাষ্ট্র ছাড়তে হচ্ছে- এ খবরের বিরোধিতা না করে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ মুখপাত্র বলেন, তিন বছরের ভিসার মেয়াদ শেষ হওয়ার পর মেয়াদ বাড়ানোর আবেদন রাশিয়ানদের ক্ষেত্রে ‘নতুন নয়’। আর এ আবেদনগুলোর প্রত্যেকটিকে আলাদা আলাদা করে খতিয়ে দেখে তারপর সিদ্ধান্ত নেওয়া হয়।

Post a Comment